নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরে ইউক্রেনের মারিওপোল বন্দর এলাকায় জাঁকিয়ে বসেছে রাশিয়া। জল, খাদ্যাভাবে বেঁচে থাকার কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু মারিওপোলকে রাশিয়ার হাতে তুলে দিতে নারাজ ইউক্রেন। বরং রাশিয়ার সঙ্গে আলোচনা করতে চান প্রেসিডেন্ট জেলেনিস্কি। তা ফলপ্রসূ না হলে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন তিনি।
আরও পড়ুনঃ Supreme Court: ইডির নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রুজিরা, আজই হাজিরা অভিষেকের


ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনওভাবেই মারিওপোল রাশিয়ার হাতে তুলে দিতে নারাজ তাঁরা। এমনকি আত্মসমর্পণের বিষয়েও আলোচনায় নারাজ তাঁরা। সেটা রাশিয়ার পক্ষকে স্পষ্ট করেছেন তাঁরা। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনিস্কি জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশ বন্ধ করতে চান। একইসঙ্গে তাঁর বক্তব্য, সেই আলোচনা যদি ব্যর্থ হয় তা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাধ্য।
শুরু থেকেই অবশ্য মারিওপোল দখলের জন্য মরিয়া ছিল রাশিয়া। কারণ, দক্ষিণ পশ্চিমের এই এলাকার বেশীরভাগ মানুষ রুশ ভাষাতেই কথা বলেন। এই বন্দর দখল হলে আগামী দিনে ক্রিমিয়া থেকে যোগাযোগ আরও সুদৃঢ় হবে।


উল্লেখ্য, রাশিয়ার ২৬ দিনের অভিযানে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে মারিওপোল এলাকা। এখনও অবধি আটকে ৪ লক্ষের অধিক মানুষ। জল-খাদ্যাভাব এবং যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হওয়ার কারণে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদেরকে। ২১ মার্চের মধ্যে মারিওপোল তাঁদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া।
মারিওপোলকে রাশিয়ার হাতে তুলে দিতে নারাজ ইউক্রেন, হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ
ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, রাশিয়া যদি মনে করে তাঁদের মদতপুষ্ট ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী এলাকাকে ইউক্রেনের সরকার স্বাধীন বলে ঘোষণা করবে, তবে সেই ইচ্ছে পূরণ হবে না। ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি এই সংক্রান্ত কোনও বোঝাপড়াতেই আসতে চান না।








