নজরবন্দি ব্যুরোঃ সীমান্ত লাগোয়া এলাকায় বিএসএফের কর্মক্ষেত্রের বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব আনে তৃণমূল। আলোচনা পর্বে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একই জেলার দুই দলের বিধায়কদের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা। একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন মিহির-উদয়ন। বিএসএফ ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, সামাল দেন স্পিকার।
আরও পড়ুনঃ বিএসএফ ইস্যুতে বিধানসভায় আলোচনা, প্রস্তাব আনছে তৃণমূল


বিধানসভায় আলোচনা চলাকালীন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন, নাটাবাড়ির বিজেপি বিধায়কের উদ্দেশ্যে কিছু বলতে শুরু করেন। পাল্টা জবাব দেন মিহিরও। এরপরেই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উদয়ন গুহ বলেন, বাংলায় বিজেপি একটা পা ভেঙে গেছে আরও একটা ভেঙে দেবো।পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে ধমক দিয়ে উদ্যনকে থামান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, পাকিস্তান এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া অসম, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বাড়িয়েছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার অবধি বাড়ানো হয়েছে। এই এলাকায় তল্লাশি, জিজ্ঞাসাবাদ এমনকি গ্রেফতার অবধি করতে পারবে বিএসএফ। মঙ্গলবার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধেই বিধানসভায় প্রস্তাব আনে তৃণমূল।
বিএসএফ ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, বচসায় জড়ালেন দুই দলের বিধায়ক

এদিন ভোটাভুটির মাধ্যমে পাশ হয় এই প্রস্তাব। প্রস্তাবের পক্ষে রায় দেন ১১২ জন। প্রস্তাবের বিপক্ষে রায় দিয়েছেন ৬৩ জন। পাঞ্জাবের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হল এই প্রস্তাব। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। দু’পক্ষের বৈঠকে উঠে আসতে পারে বিএসএফের প্রসঙ্গও।









