নজরবন্দি ব্যুরো: কেন্দ্রের মোদি সরকার সোশ্যাল মিডিয়া সাইট টুইটারকে একহাত নিল।কেন্দ্র বৃহস্পতিবার দেশি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম কু-তে টুইটার কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলে, ‘আন্দাজে কথা বলা বন্ধ করুন, দেশের আইন কানুনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।’
আরও পড়ুনঃ ‘ইয়াস’ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ময়দানে সাংসদ মিমি চক্রবর্তী।


বৃহস্পতিবার টুইটারের পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রের আইটি নিয়মবিধির মূল বিষয় নিয়ে চিন্তিত তারা। নতুন নিয়মে বাক স্বাধীনতার হরণ হতে পারে। এদিন টুইটারের এই কথাতেই ক্ষুব্ধ হয়েছে কেন্দ্র। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রকে নিয়ন্ত্রণ না করে দেশের আইনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হল।
এছাড়া কেন্দ্র আরও জানিয়েছে, আইন তৈরি কিংবা পন্থা নির্বাচন একমাত্র সার্বভৌম রাষ্ট্রের বিশেষ অধিকার। দেশের আইনি পরিকাঠামো কী হবে তা টুইটারের মতো স্রেফ এক সোশ্যাল মিডিয়া বলার অবস্থানে নেই। কেন্দ্র তথ্যপ্রযুক্তি মন্ত্রক পরিষ্কার বলছে, টুইটারের মন্তব্য পুরোপুরি ভিত্তিহীন এবং ভারতের মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচেষ্টা।
প্রসঙ্গত, দিল্লি পুলিশ গত সোমবার টুইটারের অফিসে হানা দিয়েছিল।এই ঘটনায় কর্মীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয়ে পড়ে টুইটার। সেই প্রসঙ্গে কেন্দ্রের আশ্বাস, টুইটার সহ কোনও সোশ্যাল মিডিয়ার কোনও কর্মীর ক্ষতি হবে না।এদেশে তাঁরা নিরাপদ এবং সুরক্ষিত।









