পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল পরিষদীয় দলে ভাঙনের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—বিধানসভায় প্রকৃত বিরোধী দল কোন পক্ষ? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী শিবিরের দাবি, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাঁদের সঙ্গেই রয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত শোভনদেব চট্টোপাধ্যায়ের শিবিরও নিজেদের বৈধ দাবি থেকে একচুল সরতে রাজি নয়। এই পরিস্থিতিতে আস্থা ভোট ঘিরে রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে।
তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের একাংশ পরিষদীয় দল থেকে বেরিয়ে এসে নিজেদের পৃথক শিবির গঠন করেছেন। তাঁদের দাবি, মোট ৫৮ জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে বেছে নিয়েছেন। ইতিমধ্যেই তিনি বিরোধী দলনেতার দায়িত্বও পেয়েছেন। তবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী এখনও নিজেদেরই প্রকৃত তৃণমূল হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গত ৬ এবং ১৯ মে অনুষ্ঠিত বৈঠকের নথি প্রকাশ্যে আনেন শোভনদেব। এরপর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, বিধানসভার ভেতরে আসল শক্তি কার হাতে? বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রয়োজন হলে স্পিকার রথীন্দ্র বোস সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে আস্থা ভোটের পথেও হাঁটতে পারেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিধানসভায় এই বিতর্কের জবাব দিতে গিয়ে প্রথম আস্থা ভোটের প্রসঙ্গ তুলেছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। তাঁর বক্তব্য ছিল, পরিষদীয় দলের প্রকৃত সংখ্যাগরিষ্ঠতা কার পক্ষে রয়েছে, তা প্রমাণের সুযোগ দেওয়া হলে সমস্ত বিতর্কের অবসান ঘটবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী দলের বৈধতা নির্ধারণে আস্থা ভোটের মতো পরিস্থিতি ভারতীয় গণতন্ত্রে আগে কখনও দেখা যায়নি।
আগামী ১৮ জুন রাজ্যপাল আরএন রবির ভাষণের মাধ্যমে শুরু হতে চলেছে শুভেন্দু অধিকারী সরকারের বাজেট অধিবেশন। সেই সময় শোভনদেব শিবির যদি নিজেদের প্রকৃত তৃণমূল দাবি করে স্পিকারের কাছে আস্থা ভোটের আবেদন জানায়, তাহলে বিষয়টি নতুন মোড় নিতে পারে।
তবে তৃণমূলেরই একটি সূত্রের দাবি, বর্তমানে শোভনদেবের শিবিরের হাতে প্রয়োজনীয় সংখ্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একাধিক বৈঠকে বিধায়কদের উপস্থিতি ক্রমশ কমেছে। শুক্রবার কালীঘাটের বৈঠকে মাত্র আট জন বিধায়ক উপস্থিত ছিলেন বলেই জানা যাচ্ছে।
অন্যদিকে ঋতব্রত শিবিরের দাবি, তাঁদের কাছে ৫৯ জন বিধায়কের সমর্থনপত্র রয়েছে। বিদ্রোহী শিবিরের এক বিধায়কের বক্তব্য, আস্থা ভোট হলে ফলাফল নিয়ে তাঁদের কোনও উদ্বেগ নেই। তাঁর দাবি, শেষ বৈঠকে যাঁরা মমতার ডাকে সাড়া দিয়েছিলেন, তাঁদের মধ্যেও অনেকেই শেষ পর্যন্ত একজোট থাকবেন না।
রাজনৈতিক মহলে আরও খবর, দল ভাঙনের ক্ষত মেরামত করতে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকজন বিধায়ককে ফোনও করা হয়েছে বলে সূত্রের দাবি। তবে এখনও পর্যন্ত তেমন ইতিবাচক সাড়া মেলেনি।
এই আবহে প্রাক্তন বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান মনে করছেন, স্পিকার ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন। ফলে নতুন করে সিদ্ধান্ত বদলের সম্ভাবনা খুবই কম। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের পক্ষে একসঙ্গে ৩০ জনের বেশি বিধায়ককে ফিরিয়ে আনা কার্যত অসম্ভব। তাই আস্থা ভোট হোক বা না হোক, আগামী পাঁচ বছর বিরোধী দলনেতার আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকবেন বলেই তাঁর ধারণা।



