যুদ্ধের আবহে মার্কিন মুলুকে পাক সেনাপ্রধান, হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প-আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। ওয়াশিংটনে বিক্ষোভ ইমরান সমর্থকদের, তোপ মুনিরের বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

যুদ্ধ পরিস্থিতির মাঝেই আমেরিকায় পাক সেনাপ্রধান আসিম মুনির। তাঁর সঙ্গে বুধবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টায় ক্যাবিনেট রুমে হবে এই দ্বিপাক্ষিক আলোচনা। এই আলোচনায় কোনও সাংবাদিক বা সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই বলে জানানো হয়েছে।

এই গোপন বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই বাড়ছে কূটনৈতিক উত্তেজনা। ভারত, ইরান সহ গোটা বিশ্ব নজর রেখেছে এই আলোচনার দিকে। ইরানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য এবং তারপরে সুর বদল—সবকিছুর পেছনে আমেরিকার প্রভাব রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, প্রয়োজন হলে তারা ইজরায়েলের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাবে পাকিস্তানের সাহায্যে। যদিও পাকিস্তান এই মন্তব্য অস্বীকার করে। পরমাণু অস্ত্র ব্যবহারে নিজেদের সীমাবদ্ধতার কথা স্পষ্ট করে দেয় তারা।

এদিকে ট্রাম্প সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে যুদ্ধবিরতির ডাক দেন। এরপরই আসিম মুনিরের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

পাঁচ দিনের মার্কিন সফরে থাকা মুনির প্রথম থেকেই বিতর্কে। যদিও হোয়াইট হাউস স্পষ্ট করেছে, এই সফরের সঙ্গে আমেরিকার সেনা দিবসের কোনও সম্পর্ক নেই। বরং এটি পুরোপুরি কূটনৈতিক সফর। সূত্রের খবর, ট্রাম্প ছাড়াও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গেও মুনির বৈঠক করবেন।

এদিকে মুনিরের আমেরিকা সফর ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন প্রবাসী পাকিস্তানিরা। রবিবার, ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসের সামনে জড়ো হয়ে তাঁরা বিক্ষোভ দেখান। ইমরান খানের সমর্থকরা মুনিরকে ‘কসাই’ আখ্যা দিয়ে বলেন—“তাঁকে বাইরে বের করুন!” তাঁদের অভিযোগ, মুনিরই পাকিস্তানের সংবিধান লঙ্ঘন, মানবাধিকার হরণ ও নির্বাচনে কারচুপির মূল চক্রান্তকারী। ডিজিটাল স্ক্রিনে প্রচারিত হয় মুনিরের বিরুদ্ধে নানা অভিযোগের তথ্য।

দুর্নীতির অভিযোগে জেলে বন্দি ইমরান খানের অনুগামীরা বারবার দাবি করে চলেছেন, ইমরানকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে এবং সেই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান মুনির।

মুনিরের আমেরিকা সফর ঘিরে প্রতিবাদ, পরমাণু উত্তেজনা ও হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক—সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক আবহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর