নজরবন্দি ব্যুরোঃ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, এখনই চালু হচ্ছে না মেট্রো রেলে টোকেন ব্যবস্থা। মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ। ১৫ তারিখ থেকে টোকেন ব্যবস্থা চালু করার যে কথা ছিল তা আপাতত স্থগিত থাকছে বলে জানিয়েছে মেট্রো রেল। করোনা ভাইরাসের ফলে দীর্ঘ লকডাউন কাটিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি ফের চালু হয়েছে মেট্রো পরিষেবা।
আরও পড়ুনঃ লক্ষ্য জঙ্গলমহল! আগামী এক সপ্তাহে ব্যাক টু ব্যাক হাইভোল্টেজ সভা BJP’র।
তবে সেক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চড়তে হত মেট্রোয়। প্রথম দিকে শুধুমাত্র আগে থেকে স্লট বুক করে, ই-পাস কিনে তবেই মেট্রো সফর করা যেত। পরবর্তীতে ধাপে ধাপে মেট্রোয় যাতায়াত সহজ হয়। ই-পাসের বদলে দিনের একটা নির্দিষ্ট সময়ে স্মার্ট কার্ডে যাতায়াত করা যেত। প্রথমে শিশু ও বৃদ্ধদের জন্য স্মার্ট কার্ডে যাতায়াতের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে সকলের জন্যই স্মার্ট কার্ডে যাতায়াতে ছাড়পত্র দেয় মেট্রো রেল। কিন্তু টোকেন এখনও দেওয়া হচ্ছে না। ফলে স্মার্ট কার্ড না থাকলে মেট্রোয় উঠতে পারছিলেন না কেউ।
সেই কারণে কিছুদিন আগে মেট্রোর তরফে জানানো হয়েছিল, আগামী ১৫ মার্চ থেকে ফিরবে টোকেন। কিন্তু সেই সিদ্ধান্ত বদল করল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে শের একাধিক রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণ যেহারে বাড়ছে, সেই কথা চিন্তা করেই আপাতত টোকেন চালু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। উল্লেখ্য, দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। বৃহস্পতি ও শুক্রবার – পরপর দু’দিন লাফিয়ে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, এখনই চালু হচ্ছে না মেট্রো রেলে টোকেন ব্যবস্থা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৮৫। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ২২ হাজারের কিছু বেশি। মৃত্যু হয়েছে ১১৭ জনের। তবে টোকেন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত যাত্রীদের কিছুটা হয়রানির শিকার হতে হবে তা বলাইবাহুল্য।



