নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে যোগ দিতে দিল্লি রওনা হলেন রানাঘাট পুরসভার প্রাক্তন প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায় । দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে আইইডি বিস্ফোরণের জেরে ২ দিনের সফর বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে গেরুয়া শিবিরে যোগদান থেমে থাকছে না। পরিকল্পনামতই সব হবে বলে এখনও বিজেপি সূত্রের খবর। তাই গেরুয়া শিবিরে নাম তুলতে দিল্লির পথে রওনা দিলেন রানাঘাট পুরসভার প্রাক্তন প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: তৃণমূল ছাড়তেই রাজীবের ছবিতে জুতোর বাড়ি-মালা, ভাইরাল হল ভিডিও
অন্যদিকে আজ বিকেল ৪ টের সময় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সদ্য দলত্যাগী রাজীব বন্দোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী ও প্রবীর ঘোষাল। বিশেষ চ্যাটার্ড বিমানে তারা আজ দিল্লিতে পাড়ি দেবেন। সেখানে জেপি নাড্ডা ও অমিত শাহের উপস্থিতিতে পদ্মে নাম লেখাবেন তাঁরা। তারপর তাঁরা আজই কলকাতায় রওনা দেবেন। তাঁদের সঙ্গে রানাঘাটের পুরপ্রশাসকও থাকবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে তিনি কবে ফিরবেন তা এখনও জানা যায়নি। ডুমুরজলা স্টেডিয়ামে অনান্যদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তিনি উপস্থিত থাকবেন কিনা তারও কোনও উত্তর মেলেনি। অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে এবার চমক দিতে চেয়েছিল বিজেপি। সেরকমই বলেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু দিল্লি বিস্ফোরণের জেরে তা আর হয়ে ওঠেনি।
বিজেপি-তে যোগ দিতে দিল্লি যাচ্ছেন পার্থসারথি চট্টোপাধ্যায় । উল্লেখ্য শুক্রবার বিধায়ক পদ ও তৃণমূল থেকে ইস্তফা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই শুরু হয় জল্পনা। শেষ একমাস ধরে দলের অন্দরেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে তিনি নিজের মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিয়ে দেন। খাতায় কলমে তিনি এতোদিন তৃণমূল বিধায়ক ছিলেন। যদিও দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। এহেন রাজীব এবার বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। অপরদিকে বেশ কয়েকদিন ধরেই দলের অন্দরে বেসুরো ছিলেন বালিরা বিধায়িকা বৈশালী ডালমিয়া। পরে তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল নেতৃত্ব। জল্পনা চলছে তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। অন্যদিকে দলের বিরুদ্ধেই সরব হয়েছেন হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালও যোগ দিতে পারেন বলে জল্পনায় রয়েছে।



