‘২ লক্ষ কোটি বকেয়া আটকে বঞ্চনা’—বাজেটের প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াক আউট তৃণমূলের

কেন্দ্রের কাছে ২ লক্ষ কোটি টাকা বকেয়া রেখে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে—এই অভিযোগে বাজেট অধিবেশনে রাজ্যসভা থেকে ওয়াক আউট করল তৃণমূল সাংসদেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের নামই নেই—এই অভিযোগকে সামনে রেখে ‘বঞ্চনা’র বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। সোমবার রাজ্যসভা-য় বাজেট অধিবেশন শুরু হতেই কক্ষত্যাগ করেন তৃণমূল সাংসদেরা। অভিযোগ, কেন্দ্রের কাছে রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রাখা হয়েছে—মনরেগা থেকে আবাস যোজনা, একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য এখনও মেটানো হয়নি।

অধিবেশনের শুরুতেই একে একে রাজ্যসভা ছাড়েন তৃণমূল সাংসদেরা। বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্যসভায় উপদলনেত্রী সাগরিকা ঘোষ সংবাদসংস্থা পিটিআই-কে জানান, বাজেটে একবারের জন্যও পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ করা হয়নি। তাঁর দাবি, মনরেগা (১০০ দিনের কাজ), আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য মোট ২ লক্ষ কোটি টাকা পাওয়ার কথা—কিন্তু সেই অর্থ আটকে রাখা হয়েছে।

কেন্দ্রের এই আচরণকে ‘বিমাতৃসুলভ’ আখ্যা দিয়ে তৃণমূলের বক্তব্য, এর ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্যসভা থেকে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ২০২১ সালে বাংলার মানুষ বিজেপিকে পরাস্ত করার পর থেকেই কেন্দ্র প্রতিহিংসামূলক মনোভাব নিয়েছে। তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, গ্রামোন্নয়ন ও সড়ক নির্মাণে অর্থ বরাদ্দে টান—সব মিলিয়ে রাজ্যকে চাপে রাখার কৌশল চলছে। বকেয়া না মেটালে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগেই রবিবার বাজেট পেশের পর কেন্দ্রের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব হন তৃণমূলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটকে ‘মিথ্যার জঞ্জাল’ বলে কটাক্ষ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কিছু নেই, সামাজিক সুরক্ষার কোনও দিশা নেই। একই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটকে ‘দিশাহীন, ভিত্তিহীন ও লক্ষ্যহীন’ বলে আক্রমণ করেন। দিল্লিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির মধ্যেই কেন্দ্রীয় ‘বঞ্চনা’র বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে শাসকদল—এমনটাই রাজনৈতিক মহলের ধারণা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন