তৃণমূলের নতুন কমিটি ঘিরেই ক্ষোভ! ‘উত্তরবঙ্গে কি একজনও যোগ্য নেতা নেই?’ প্রশ্ন তুললেন পার্থ প্রতিম রায়

তৃণমূলের নতুন কমিটি ঘোষণার পরই উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুললেন পার্থ প্রতিম রায়। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে দলের সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক উসকে দিলেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের নতুন সাংগঠনিক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দলের অন্দরেই শুরু হল অসন্তোষের সুর। উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিয়ে সরব হলেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। সামাজিক মাধ্যমে প্রকাশ্যে প্রশ্ন তুলে তিনি জানতে চেয়েছেন, উত্তরবঙ্গের আটটি জেলা থেকে কি একজনও যোগ্য নেতা খুঁজে পাওয়া গেল না? নতুন কমিটি ঘোষণার পর তাঁর এই মন্তব্য ঘাসফুল শিবিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার কালীঘাটে জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামোয় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বে নতুন মুখ ও দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সংগঠনকে পুনর্গঠনের বার্তা দেওয়া হলেও সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের একাংশের মধ্যে।

সামাজিক মাধ্যমে পার্থ প্রতিম রায় লিখেছেন, “উত্তরবঙ্গের আটটি জেলা থেকে একজনও যোগ্য ব্যক্তি নেই? না রাজবংশী, না অ-রাজবংশী, না আদিবাসী, না সংখ্যালঘু, না সংখ্যাগুরু—কেউই জায়গা পেলেন না। এখনও এত উন্নাসিকতা! উত্তরবঙ্গের প্রতি এত অবহেলা! আর কত?” তাঁর এই পোস্ট দ্রুত রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

নতুন সাংগঠনিক বিন্যাস অনুযায়ী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে সহায়তা করার জন্য যুগ্ম জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এবার আরও সমন্বিত কাঠামো দেখা যেতে পারে।

একইসঙ্গে রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দীর্ঘদিনের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও তিনি জাতীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটিতে সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর ও নয়না বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সহ-সভাপতি করা হয়েছে। রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

যুব তৃণমূল, মহিলা তৃণমূল, ছাত্র পরিষদ, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন এবং অন্যান্য শাখা সংগঠনেও নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সায়নী ঘোষ, মালা রায়, প্রিয়াঙ্কা অধিকারী, মলয় ঘটক, বেচারাম মান্না, পূর্ণেন্দু বসু ও বীরবাহা হাঁসদার মতো নেতাদের বিভিন্ন দায়িত্বে আনা হয়েছে।

তবে সংগঠন পুনর্গঠনের এই প্রচেষ্টার মাঝেই উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে দলের অন্দরেই যে অস্বস্তি তৈরি হয়েছে, তা স্পষ্ট। আগামী দিনে তৃণমূল নেতৃত্ব এই ক্ষোভকে কীভাবে সামাল দেয় এবং নতুন কমিটি নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর