কয়েক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি ইতিমধ্যেই বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস কবে প্রার্থী ঘোষণা করে সেই অপেক্ষা রয়েছে। আগামী রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। সূত্রে খবর, ওইদিনেই প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে শাসক শিবির। লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) ভালো ফল করতে কাদের কথা ভাবছে তৃণমূল?

আরও পড়ুন: বারাসাতে কাকলিকে চ্যালেঞ্জ বিজেপির, প্রার্থী হতে পারেন শীলভদ্র দত্ত! #EXCLUSIVE
দল গঠনের পর থেকে বরাবর একটি দিক মেনে এসেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচন কমিশন যেদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন সেদিনই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পরের দিন তালিকা ঘোষণা করেছিলেন। এবারে ব্যতিক্রম ঘটতে পারে। আগামী ১০ মার্চ, ব্রিগেডে জনগর্জন সভার দিনই ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি যখন ২০ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে সেইসময় পিছিয়ে থাকতে চাইছে না মমতা-অভিষেক (Mamata Banerjee, Abhishek Banerjee)।

৪২ আসনের প্রার্থী তালিকায় চমক আনতে পারে তৃণমূল, এই জল্পনা তো চলছেই। এর মধ্যে একাধিক আসনে পুরনো সাংসদদের উপরই ভরসা রাখবে শাসক শিবির। তাঁদের মধ্যে নাম রয়েছে, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তাঁকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। প্রবীণ নেতা তাপস রায় দলবদল করে বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলের সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। আগামী দিনে সুদীপকেই এই আসন থেকে প্রার্থী করতে পারেন মমতা। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দমদমের সাংসদ সৌগত রায়, বারাসত কেন্দ্রের কাকলি ঘোষ দস্তিদার, ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেব (Dev)।
প্রথা ভেঙে ব্রিগেডেই তৃণমূলের প্রার্থী ঘোষণা! কাদের উপর ভরসা রাখছে শাসক শিবির?

আসন্ন নির্বাচনে আরও একটি চমক আনতে পারে তৃণমূল। যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে। গত লোকসভা ভোটে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) টিকিট দিয়েছিল তৃণমূল। কয়েকদিন আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপর তাঁকে ফের প্রার্থী করা হবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছেই।



