লোকসভা নির্বাচনের আগে একের পর এক চমক দিচ্ছে বিজেপি! ইতিমধ্যেই গেরুয়া দলে নাম লিখিয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। দু’জনই আসন্ন লোকসভায় পদ্ম প্রতীকে লড়বেন। এবার অসমর্থিত সূত্রে খবর, বারাসাত কেন্দ্রে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে বিজেপির বাজি হতে পারেন শীলভদ্র দত্ত!
আরও পড়ুন: বালুরঘাটে ঘাসফুল প্রার্থী IPS প্রসূন, সুকান্তকে কার্যত ওয়াকওভার তৃণমূলের!
২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ছিলেন শীলভদ্র দত্ত। যদিও ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি বিজেপিতে যোগ দেন। একুশের বিধানসভা খড়দহ থেকে তৃণমূলের কাজল সিনহাত বিরুদ্ধে তাঁকে টিকিট দেয় গেরুয়া শিবির। কিন্তু, সেবার প্রায় ২৮ হাজার ভোটে হেরে যান শীলভদ্র। এরপর আবার কাজল সিনহার মৃত্যুতে খড়দহে উপনির্বাচন হলেও তখন আর শীলভদ্রকে টিকিট দেয়নি বিজেপি। উপনির্বাচনে শীলভদ্রের জায়গায় বিজেপি প্রার্থী ছিলেন জয় সাহা।

বারসাতে তৃণমূলের জোরদার প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ২০০৯ সাল থেকে ঘাসসুল প্রতীকে জিতে আসছেন তিনি। বারাসাত কার্যত তাঁর হাতের তালুর মতো চেনা। তাই কাকলির বিরুদ্ধে শীলভদ্রই উপযুক্ত প্রার্থী হতে পারেন বলে বিজেপির শীর্ষ মহলের ধারণা। ২০১৯ সালে বারাসাতে বিজেপির প্রার্থী ছিলেন ডঃ মৃণাল কান্তি দেবনাথ। তিনি কাকলির কাছে হারেন ১ লক্ষেরও বেশি ভোটে।

বারাসাতে কাকলিকে চ্যালেঞ্জ বিজেপির, প্রার্থী হতে পারেন শীলভদ্র দত্ত! #EXCLUSIVE
অন্যদিকে, বসিরহাট কেন্দ্রে বিজেপির বাজি হতে পারে ভারতীয় দলের পেসার মহম্মদ শামি! জানা যাচ্ছে, মহম্মদ শামির সঙ্গে কথা চলছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের। এখনও কিছু চূড়ান্ত না হলেও শামির দিক থেকে সবুজ সংকেত পেতে আশাবাদী গেরুয়া শিবির। আগামী লোকসভায় বসিরহাটে বিজেপির প্রার্থী হন সায়ন্তন বসু। তাঁকে এই মুহূর্তে রাজনৈতিক ময়দানে খুবই কম দেখা যায়। সেবারেও তৃণমূলের নুসরত জাহানের কাছে হেরে যান সায়ন্তন। তাই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে মহম্মদ শামিকে টিকিট দিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ করতে চায় বিজেপি।

লোকসভার আগে পর পর দু’টো যোগদান। বিজেপির আত্মবিশ্বাস যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চোখমুখ দেখলেই তা স্পষ্ট। কারণ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী তাপস রায়ের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। এখনও পর্যন্ত বাংলার ২০ জনের নাম তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকী আরও ২২ আসন। সেখানে কাদের টিকিট দেবে পদ্ম শিবির তা নিয়ে জল্পনা তুঙ্গে।



