নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল। বাড়িতে বাড়িতে রেশন, পড়ুয়াদের ১০ লাখি ক্রেডিট কার্ড, সাথে একগুচ্ছ ভাতা! কি নেই ইস্তেহারে। গত ১০ বছরে ১১০ শতাংশ কাজ করেছে তাঁর সরকার, এই দাবি জানিয়ে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থান করবেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যা প্রকল্প চলছে রাজ্যে তা এগিয়ে নিয়ে যাওয়া হবে। সাথে একগুচ্ছ নতুন প্রকল্পের কথাও বলেছেন তিনি।
আরও পড়ুনঃ দিশা নেই শিল্পে, পরিষ্কার নয় জমি নীতি, TMC’র ইস্তেহার অনুদানের রাজনীতি, অভিযোগ শমীকের।
আগের দুই দফা সরকারের আমলে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার পাশাপাশি নতুন প্রকল্পে রাজ্যের সব পরিবারকে বছরে ৬ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে। আর তফসিলিদের ক্ষেত্রে এটাই দেওয়া হবে ৬ হাজার টাকার বদলে ১২ হাজার টাকা। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য ‘ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করবে তৃতীয় মা মাটি মানুষ সরকার। সাথে কৃষকদের জন্য বাৎসরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
একাধিক প্রতিশ্রুতির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, বিদ্যুৎ এবং পানীয় জলের ক্ষেত্রে নতুন প্রকল্পের কতা বলেছেন। এক নজরে দেখে নিন ‘দিদির ১০ অঙ্গীকার’। তৃণমূল বিধবা, প্রবীণ মানুষ এবং প্রতিবন্ধীকে মে মাস থেকে এক হাজার টাকা করে ভাতা দেব।
- তৃতীয় তৃণমূল সরকার বিধবা, প্রবীণ মানুষ এবং প্রতিবন্ধীকে মে মাস থেকে এক হাজার টাকা করে ভাতা দেবে।
- রাজ্যের প্রতিটি জেনারেল কাস্টের পরিবারকে বার্ষিক ছ’হাজার টাকা ও এসটি, এসসি, ওবিসি পরিবারকে বছরে ১২ হাজার টাকা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে পকেট্মানি বলে উল্লেখ করেন।
- কোন গ্যারান্টার ছাড়াই রাজ্যের সব পড়ুয়াকে ১০ লক্ষ টাকা লোন(স্টুডেন্ট ক্রেডিট কার্ড) মাত্র ৪ শতাংশ সুদে।
- কৃষকরা আগে পাঁচ হাজার টাকা পেতেন। এখন ছ’হাজার টাকা পান। নতুন সরকার তাঁদের বছরে ১০ হাজার টাকা দেবে।
- বাংলা আবাস যোজনায় ৩৩.৭ লক্ষ বাড়ি তৈরি হয়েছে। আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে তৃতীয় তৃণমূল সরকারের আমলে। মূলত অনগ্রসর শ্রেণির জন্য এই প্রকল্প।
- ক্ষমতায় ফিরলে আগামী ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থান।
- খাদ্যসাথী প্রকল্পে দেড় কোটি পরিবারকে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে।
- রাজ্য জুড়ে ২ হাজার ৫০০ টি মা ক্যান্টিন। ৫ টাকাতেই পেটভর্তি খাওয়ার।
- বছরে দুবার দুয়ারে সরকার ক্যাম্প। সব সমস্যার সমাধান।
- ৪৭ লক্ষ পরিবারকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল।



