বিধানসভা নির্বাচনের পরই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে শাসক দল। এরপরই বড় পদক্ষেপ নিলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate Krishna Kalyani)। খাতায় কলমে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। বুধবার বিধানসভায় গিয়ে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। একইসঙ্গে পিএসি চেয়ারম্যান পদেও পদত্যাগ করেন।

আরও পড়ুন: সময় খারাপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির! জোড়া শো- কজের পর FIR ধাক্কা
চলতি মাসেই ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার মঞ্চ থেকে লোকসভা নির্বাচনের ৪২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনে তৃণমূল (TMC)। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। বুধবার বিধাসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ইস্তফা পত্র তুলে দেন। লোকসভা নির্বাচন (Loksabha Election) প্রসঙ্গে তিনি বলেন, ‘রায়গঞ্জের মানুষের সাড়া পাচ্ছি। অনেক ভোটে জিতব বলেই আশা করছি।’ আগামী ২ তারিখ তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন বলেও জানান তিনি।

ইস্তফা দেওয়া নিয়ে কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) বলেন, ‘মনোনয়ন জমা দেওয়ার আগে সব পদ থেকে ইস্তফা দিলাম। এটা আমার নৈতিক দায়িত্ব। একজন সাধারণ মানুষ হিসেবেই মানুষের কাছে ভোট চাইতে যাব। মানুষও আমাকে তাঁদের একজন ভেবেই ভোট করবে।’
লোকসভার টিকিট পেয়েই বিজেপির সঙ্গে সম্পর্কে ‘ইতি’, বিধায়ক পদ থেকে ইস্তফা কৃষ্ণ কল্যাণীর

গত ১০ মার্চ ব্রিগেডে রায়গঞ্জের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই কৃষ্ণ কল্যাণী জানিয়েছিলেন, মনোনয়ন জমা দেওয়ার আগেই তিনি সব পদ থেকে ইস্তফা দেবেন। সেইমতই এদিন বিধায়ক ও পিএসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি।



