নজরবন্দি ব্যুরো: টানা পাঁচ দিন ধর্নার পর অবশেষে সোমবার রাজ্যপাল ও তৃণমূলের বৈঠক হয়। এদিন বিকেল চারটে নাগাদ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রাজভবনে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তাঁদের দাবি, একশো দিনের কাজের টাকা আদায়। মাত্র ২০ মিনিটেই বৈঠক শেষ হয়। রাজভবন থেকে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধি দল। এই সময়ের মধ্যেই সমস্ত দাবি দাওয়া রাজ্যপালের সামনে তুলে ধরেছেন তাঁরা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
আরও পড়ুন: ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব


দিল্লি থেকেই রাজভবন অভিযানের ঘোষণা করেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁদের কর্মসূচির দিনই উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক। সেখান থেকেই ঘোষণা করেছিলেন, যতক্ষণ না রাজ্যপাল কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করবেন, ততক্ষণ ধরনা চলবে। কেটে যায় কয়েকদিন। এরইমাঝে দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দল গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক সেরে আসে। এরপর রাজভবনের তরফে জানানো হয়, আজ বিকেল চারটেয় অভিষেকের সঙ্গে বৈঠক করবেন বোস।
এদিন বিকেল ৪ টেয় ৩০ জনের প্রতিনিধি দল এবং গুচ্ছ গুচ্ছ চিঠি নিয়ে রাজভবনের ভিতরে যান ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সদস্যরা ছাড়াও ওই দলে ছিলেন বঞ্চিতরাও। ২০ মিনিটেই বৈঠক শেষ হয়। দমদমের সাংসদ সৌগত রায় জানান, রাজ্যপালের কাছে সমস্ত দাবি দাওয়া তুলে ধরা হয়েছে।



তৃণমূল সূত্রে খবর, এই বৈঠকে রাজ্যপালের কাছে একশো দিনের কাজ নিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন দলের প্রতিনিধিরা। ‘কোন আইনে বকেয়া টাকা আটকে রাখা হয়েছে?’ এই প্রশ্ন করা হয়েছে। পাশাপাশি বঞ্চিতদের চিঠি রাজ্যপালের দফতরে রেখে আসা হয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনবেন, বাংলার মানুষের স্বার্থে যা করার দরকার, করবেন বলেও আশ্বাস দিয়েছেন বোস।
মাত্র ২০ মিনিটেই রাজ্যপাল-তৃণমূল বৈঠকে শেষ, ইতিবাচক ইঙ্গিত শাসক দলের








