বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কলকাতায় বা পশ্চিমবঙ্গে ফেরার ক্ষেত্রে কোনও সরকারি বাধা নেই বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ লেখিকাকে ভারতীয় ভিসা প্রদানের বিষয়টি নিশ্চিত করে জানান যে, ভারতের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার তাঁর রয়েছে।
এই প্রসঙ্গে তসলিমা নিজেও জানিয়েছেন, “আমার রেসিডেন্ট পারমিট অনুযায়ী আমি ভারতের যেকোনও স্থানে যেতে পারি। আমি রাজস্থান, কেরল, ওড়িশা যাই। কেউ বাধা দেন না।”
তবে কলকাতায় ফেরার বিষয়ে তাঁর দ্বিধা রয়েছে। তিনি জানান, “আমার যেতে খুব ইচ্ছা করে। কলকাতা বইমেলায় আমার বই প্রকাশ হয়, পাঠকেরা কেনেন। কিন্তু আমি গেলে যদি কিছু অশান্তি হয়, আর মুখ্যমন্ত্রী যদি কিছু পদক্ষেপ নেন, তাহলে কী হবে জানি না। আমি চাই না আমার জন্য কোথাও গোলমাল হোক।”
তসলিমা ১৮ বছর আগে কলকাতা ছাড়তে বাধ্য হন হিংসাত্মক প্রতিবাদের কারণে। পরে আবার ভারতে ফিরে এলেও কলকাতায় ফেরা সম্ভব হয়নি তাঁর জন্য।
রবীন্দ্রজয়ন্তীতে এই চিঠি হাতে পেয়ে শমীক বলেন, “তসলিমা একজন বাঙালি লেখিকা। তিনি বাংলার জন্য লেখেন, তাঁর পাঠক বাংলায়। তাহলে তাঁকে বাংলায় থাকতে বাধা দেওয়া হবে কেন?” তাঁর মতে, এই পরিস্থিতিতে কেন্দ্রের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষত যখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সংস্কৃতি ও বহুত্ববাদের উপর চাপ বাড়ছে।



