নজরবন্দি ব্যুরোঃ একধাক্কায় নামল ৪ ডিগ্রি। নভেম্বরের শেষ সপ্তাহে পুরোদমে ব্যাটিং শুরু করল শীত। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৪ ডিগ্রি তাপমাত্রা নেমেছে। গত ৪৮ ঘণ্টায় মোট ৭ ডিগ্রি পতন ঘটেছে পারদের। আজ সকালে শহরের তাপমাত্রা রয়েছে ১৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন শীতের আমেজ পাবেন রাজ্যবাসী। উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে তারা আরও জানিয়েছেন অনান্যবারের তুলনায় এইবারে সময়ের খানিকটা আগেই শীতের আগমন ঘটেছে রাজ্যে।
আরও পড়ুনঃ শুভেন্দুর নামে পোস্টার লাগাচ্ছেন দিলীপ, বিজেপি দলের অধিকাংশই উন্মাদ! কটাক্ষ জ্যোতিপ্রিয়র।


একধাক্কায় নামল ৪ ডিগ্রি। পাশাপাশি সোমবার সকাল থেকে কলকাতায় মেঘমুক্ত আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আর শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেন্টিগ্রেড। সবমিলিয়ে, গত ৪৮ ঘণ্টায় প্রায় ৭ ডিগ্রি তাপমাত্রা নামল কলকাতায়। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি। তবে জেলায় জেলায় তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা নিম্নমুখী। বেশ কিছু জেলায় জাঁকিয়ে পড়েছে শীত। চলতি সপ্তাহে শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘলা আবহাওয়া, কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও আছে। সেসময় তাপমাত্রার পারদ খানিকটা চড়তে পারে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করলে ৫ বছরের জেল! নয়া আইন নিয়ে বিতর্ক কেরলে
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম ভারতে সোমবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে। বুধবার নাগাদ জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আরব সাগর ও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে জোড়া ঝঞ্ঝা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ক্রমশ তামিলনাডু উপকূলের দিকে এগোবে। বুধবার বিকেলে মহাবলীপুরমের কাছে স্থলভাগের প্রবেশ করার সম্ভাবনা। এর জেরে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু উপকূলে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০কিলোমিটারের বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।










