নজরবন্দি ব্যুরোঃ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভুয়ো ও বিদ্বেষমূলক খবর দ্রুত ছড়িয়ে পড়ছে। আর তাতেই রাশ টানতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণের জন্য আইন দরকার। এই মর্মে আরজি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আর সেই হিসাবেই সোমবার কেন্দ্র ও অন্য কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। সেই নোটিসে বলা হয়েছে, ভুয়ো খবর বা বিদ্বেষমূলক মন্তব্য প্রচারিত হলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এর দায় নিতে হবে।
আরও পড়ুনঃ জমজমাট নবান্ন দখলের লড়াই, বদলি করা হল ১২০ ‘বিতর্কিত’ অফিসারকে!


এদিন এই নোটিশটি প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপন্না এবং বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের বেঞ্চ ওই নোটিশ জারি করে। এমনকি সোশ্যাল মিডিয়া ছাড়াও সংবাদমাধ্যম, বৈদ্যুতিন সংবাদ চ্যানেল ও নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তার নিষ্পত্তির জন্য একটি ট্রাইব্যুনাল গড়ার আরজি শীর্ষ আদালতে আগেই জমা পড়েছিল। আর এই দুইটি বিষয়ে একই সঙ্গে শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এবিষয়ে আইনজীবী বিনীত জিন্দাল জানান, তাঁর দাবি, এমন ব্যবস্থা করতে হবে যে, ভুয়ো খবর ও বিদ্বেষমূলক মন্তব্য স্বল্প সময়ের মধ্যে যাতে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। বাকস্বাধীনতা অত্যন্ত জটিল বিষয়। তার অপব্যবহার হচ্ছে। তাই দায়বদ্ধতা ও কর্তব্য নিশ্চিত করার সময় হয়েছে। এছাড়াও এর অপপ্রয়োগে দেশে সাম্প্রতিক সময়ে ঘটা কিছু সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গও আর্জিতে উল্লেখ করেছেন বিনীত।







