ফের রাজ্যে বাড়তে চলেছে আলুর দাম! আবারও ধর্মঘট আলু ব্যবসায়ী সমিতির

ফের রাজ্যে বাড়তে চলেছে আলুর দাম! আবারও ধর্মঘট আলু ব্যবসায়ী সমিতির। পাশাপাশি সীমান্তে পুলিশের মোটা টাকা নিয়ে আলুবোঝাই লরি পারের অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের রাজ্যে বাড়তে চলেছে আলুর দাম। ভিনরাজ্যে আলুর রপ্তানিতে বাধা দেওয়ায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার রাত থেকেই ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। ফলে এই ধর্মঘটের জেরে আগামী সপ্তাহ থেকেই এই প্রভাব সরাসরি আলুর দামের উপর পড়বে বলেই মনে করছেন বিক্রেতাদের একাংশ।

ইতিমধ্যেই মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। তাঁর উপর যদি ফের আলুর দাম বৃদ্ধি পায় তাহলে রীতিমতো চিন্তায় পড়বে সাধারণ মধ্যবিত্ত রা। রবিবার সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পালের কথায়, সোমবার থেকেই এই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা, এবং এই ধর্মঘট চলবে অনির্দিষ্ট কালের জন্য। তাঁর কথায়, মূলত ভিনরাজ্যে আলুর রপ্তানির ক্ষেত্রে সরকারি তরফে বাধা দেওয়ায় এই ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। পাশাপাশি সীমান্তে পুলিশের মোটা টাকার বিনিময়ে আলুবোঝাই লরি পার করতে দেওয়ার অভিযোগও তুলছেন তাঁরা।

প্রসঙ্গত, গত ২০ই জুলাই রাজ্য জুড়ে এই কারণেই ধর্মঘটের ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বেশ কয়েকদিন চলে ধর্মঘট। যার ফলে বাজারে আলুর দাম হাফ সেঞ্চুরি করেছিল সে সময়। আলু কিনতে কার্যত হিমশিম খেতে হয়েছিল আমজনতাকে। তখন শেষ পর্যন্ত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার হস্তক্ষেপে উঠে ধর্মঘট। তবে আবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি হল রাজ্যে। আবারও একই কারণে ধর্মঘটের ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ফলে পুজোর আগে ফের আলুর দাম বৃদ্ধি যে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলবে তা আর বলার বাকি রাখেনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত