নজরবন্দি ব্যুরো: ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক! দেশের একাধিক রাজ্যে এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। এরই মাঝে গুজরাটে দেখা গেল এক অভিনব উদ্যোগ। দ্য কেরালা স্টোরি ছবির টিকিট দেখাতে পারলেই বিনামূল্যে চা-কফি পাওয়া যাবে। এমনই একটি অফার চালু করেছে এক চা ব্যবসায়ী। জানুন বিস্তারিত!
আরও পড়ুন: The Kerala Story: ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত! ফের বিতর্কে সুদীপ্ত
জানা গিয়েছে, সুরাটের ভেসু এলাকার একটি চায়ের দোকান ‘কেশারিয়া টি শপ’-এ এই অফার চালু রয়েছে। চায়ের দোকানের বাইরে টাঙানো হয়েছে একটি পোস্টার। বলা হয়েছে, দ্য কেরালা স্টোরি ছবির হল টিকিট দেখালেই চা-কফির জন্য কোনও দাম নেওয়া হবে না। তবে আগামী ১৫ তারিখ পর্যন্তই এই অফার জারি থাকবে বলে খবর। চা বিক্রেতার এই অভিনব উদ্যোগ একদিকে যেমন প্রশংসা কুড়োচ্ছে অন্যদিকে শুরু হয়েছে সমালোচনা।

গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’। মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিজেপি শাসিত কয়েকটি রাজ্য এই ছবিকে করমুক্ত করেছে। অন্যদিকে আবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মত রাজ্যে এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। এর বিরোধিতা করে ছবি নির্মাতারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামী ১৫ মে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

গত সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি। এখানে কোনও ঘৃণা চলবে না। কোনও রাজনৈতিক, জাতিগত ঘৃণাকে আমরা প্রোমোট করব না। কোর্ট যদি বলে তবে দেখা যাবে। তাঁর কথায়, এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়।” কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্য করায় পরিচালক বিবেক অগ্নিহোত্রী মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন।
The Kerala Story ছবির টিকিট দেখাতে পারলেই বিনামূল্যে চা-কফি, চা বিক্রেতার অভিনব উদ্যোগ









