নজরবন্দি ব্যুরো: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার সাংবাদিক বৈঠকে এই ছবি নিয়ে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য দিল্লি ফাইলস’ নিয়ে মন্তব্য করেন। এরপরই মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরালা স্টোরি নিষিদ্ধ করা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: Kashmir Files নিয়ে মন্তব্য মমতার, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস পরিচালকের


এদিন দিলীপ ঘোষ বলেন, “উনি না ভেবে অনেক কথা বলেন। যেটা জাতীয় সংহতি এবং দেশের পক্ষে ক্ষতিকারক। বাংলার মানুষ হয় এটা নিয়ে ভাবে না বা তাদের হজম হয়ে গেছে। কে গান্ধীজিকে চা খাইয়েছে এসব উনি বলেই থাকেন। কোনও বিষয়ের ওপর একজন মুখ্যমন্ত্রী যদি সিরিয়াসলি না ভেবেই কথাবার্তা বলে দেন, তাহলে সেটা বিপজ্জনক।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কাশ্মীর ফাইলস নিয়ে বলেছিলেন, ” “কাশ্মীর ফাইলস কি? কিছু মানুষকে অসম্মান করার জন্যই তৈরি হয়।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। টুইটে তিনি লিখেছেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্য কাশ্মীর ফাইলস এবং আসন্ন ছবি ‘দ্য দিল্লি ফাইলস’ নিয়ে মিথ্যাচার করেছেন। তাঁর এই মন্তব্যের কারণে অভিষেক আগরওয়াল, পল্লবী যোশির সঙ্গে সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস পাঠানো হয়েছে।”



উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পায় ‘কাশ্মীর ফাইলস’। এই ছবি ঘিরে বড়সড় বিতর্ক দানা বাধে। ৯০ দশকে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা কেমন ছিল তা এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বর্তমানে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এই ছবি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কোনও হলে সিনেমা প্রদর্শন করা হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘উনি না ভেবে অনেক কথা বলেন’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের









