নজরবন্দি ব্যুরোঃ শহিদ জওয়ান সুবোধ ঘোষের শান্তি কামনা করে টুইট করলেন রাজ্যপাল। পাকিস্তানের গুলিতে সদ্য শহিদ হয়েছেন সুবোধ ঘোষ। নদিয়ার তেহট্টের রঘুনাথপুরের বাসিন্দা ওই তরুণ জওয়ানের দেহ ফেরার প্রতীক্ষায় তাঁর পরিজন এবং প্রতিবেশীরা। ইতিমধ্যেই শহিদের বাড়িতে ভিড় জমিয়েছেন রাজনৈতিক নেতৃত্ব। এবার টুইটে শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন এতদিন পর টুইট করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ সৌমিত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অস্বস্তিকর পোষ্ট, অনুপমের কান্ডকারখানায় ক্ষুদ্ধ ভক্তরা


রবিবার সকালে একটি টুইটে শহিদ সুবোধ ঘোষকে বীরত্বকে কুর্নিশ জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করা টুইটের মাধ্যমে শহিদের পরিবারকে সমবেদনাও জানান ধনকড়। নিজের যোগ্যতায় খুব কম বয়সেই ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়ে গিয়েছিলেন সুবোধ ঘোষ। তাঁর পরিবার সূত্রে খবর, গত চার বছর ধরেই সেনাবাহিনীতে ছিলেন। গত বছর নভেম্বর মাসে বিয়ে করেন তিনি।
তিনমাসের কন্যাসন্তানও রয়েছে তাঁর। জুলাই মাসে শেষবার মাত্র ৪০ দিনের ছুটিতে বাড়িতে ফিরেছিলেন সুবোধ ঘোষ। কথা দিয়ে গিয়েছিলেন ডিসেম্বরে আসবেন তিনি। দেখবেন সন্তানের মুখ। কথা রাখতে পারলেন না বাঙালি জওয়ান। বৃহস্পতিবার দুপুরে শেষবারের মতো ছেলের সঙ্গে কথা হয় মা বাসন্তীর। তার পরেরদিনই মেলে দুঃসংবাদ। সুবোধের মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন তাঁর পরিবার-পরিজনেরা।
শহিদ জওয়ান সুবোধ ঘোষের শান্তি কামনা করে টুইট করলেন রাজ্যপাল। শনিবার সুবোধ ঘোষের বাড়িতে যান স্থানীয় বিধায়ক গৌরীশংকর দত্ত। শহিদের পরিজনদের সঙ্গে দেখা করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন বিধায়ক। রাজ্য সরকার সবসময় শহিদ পরিবারের পাশে আছে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে, ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনায় পাকিস্তানের আচরণের তীব্র সমালোচনা করেছেন অধীর চৌধুরি। শেষবার কফিনবন্দি দেহ দেখার প্রতীক্ষায় প্রহর গুনছে রঘুনাথপুরের ঘোষ পরিবার।









