জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি, একই পদক্ষেপ মাইথন ও পাঞ্চেত জলাধারেও

জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি, একই পদক্ষেপ মাইথন ও পাঞ্চেত জলাধারেও। জল ছাড়ার পরিমাণ কমিয়ে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ কিউসেক করা হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রবল বৃষ্টির কারণে প্লাবিত দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। যার সম্পূর্ণ দায় ঠেলা হয়েছে জলধার গুলির ওপর। ঝাড়খণ্ডের মাইথন ও পাঞ্চেত, একই সাথে ডিভিসি জলাধার থেকে লাগাতার জল ছাড়ার কারণে প্লাবিত একাধিক জেলা। এবার দু’দিন বৃষ্টি না হওয়ায় সেই জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। গতকাল যেখানে ১ লক্ষ ৫০ হাজার ৭৫০ কিউসেক জল ছাড়া হয়েছিল সেখানে আজ ভোরে সেই জল ছাড়ার পরিমাণ কমিয়ে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ কিউসেক করা হয়েছে।

কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে একাধিক জেলা। তার ওপর জলাধার গুলি থেকে লাগাতার জল ছাড়ার কারণে নদীর জলস্তর বাড়তে থাকে। ফলে বেশ কিছু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম সহ দুই মেদিনীপুরের বেশ কয়েকটি অঞ্চল। জলের তলায় একাধিক গ্রাম। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ইতিমধ্যেই নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রয়েছেন ঘাটালে।

একদিকে যেরকম হুগলি জেলায় দামোদর নদীর জলস্তর বেড়ে গিয়েছে, ঠিক সেরকমই আবার পশ্চিম মেদিনীপুরে ভেঙে পড়েছে কাঁসাই নদীর বাঁধ। ভয়াবহ বন্যা পরিস্থিতি দাসপুর, ডেবরা, ঘাটাল এবং কেশপুরে। দাসপুরে দোতলা বাড়ি জলের তলায় ডুবে গিয়েছে। অন্যদিকে, কেশপুরে মৃত্যু হয়েছে ১০ বছরের একটি শিশুর। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘুরে দেখেছেন বন্যা কবলিত এলাকা। আজ রাতে এই জেলাতেই থাকবেন তিনি। একই সাথে তিনি এই পরিস্থিতির জন্য দায়ী করছেন কেন্দ্রীয় সরকারকেই। তার দাবি এটি সম্পূর্ণ ‘ম্যানমেড’ বন্যা। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে জল ছেড়ে বাংলার কে দুর্যোগের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় যাওয়ার কথা মমতা বন্দোপাধ্যায়ের। বন্যা পরিস্থিতি পরিদর্শনে। সার্কিট হাউসের সামনে মুখ্যমন্ত্রীর কনভয় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন দেখতে পেয়ে বিধায়ক দীনেন রায়ের সঙ্গে কথা বলেন তিনি। মেদিনীপুর গ্রামীণের কিছু এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে, সুযোগ পেয়ে মুখ্যমন্ত্রীকে এ কথা জানিয়েছেন দীনেন। দুর্গত মানুষের পাশে থাকতে বিধায়ককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত