টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কি সত্যিই চাপা অশান্তি? প্রধান কোচ গৌতম গম্ভীর ও তারকা ব্যাটার বিরাট কোহলি-র সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা দীর্ঘদিন ধরে ঘুরছে, তাতে নতুন করে আগুন ঘি ঢালছিল ‘কথা বন্ধ’ হওয়ার গুজব। তবে সেই সব জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তাঁর বক্তব্যে স্পষ্ট—ড্রেসিংরুমে কোনও বিভাজন নেই, বরং সিনিয়র ক্রিকেটাররা দলের ভবিষ্যৎ পরিকল্পনায় একসঙ্গেই কাজ করছেন।
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে নানা রকম জল্পনা ছড়ায়। কোটাক সেই সমস্ত গুঞ্জন উড়িয়ে জানিয়ে দিয়েছেন, কোহলি ও রোহিত দু’জনেই ভারতের ওয়ানডে রণনীতি এবং আগামী বছরের বিশ্বকাপ প্রস্তুতিতে গভীরভাবে যুক্ত। তাঁর কথায়, “ওরা কৌশল নিয়ে আলোচনা করে, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এখন যেহেতু একই ফর্ম্যাটে খেলছে, একটাই লক্ষ্য—ভারত যেন প্রতিটি ম্যাচ জেতে।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে কোটাক আরও স্পষ্ট করে বলেন, কোহলি নিয়মিতভাবেই গম্ভীরের সঙ্গে ওয়ানডে ফর্ম্যাট ও দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে কথা বলেন। “আমি অনেক সময় ওদের আলোচনার সময় সেখানেই থাকি। বিরাট নিজের অভিজ্ঞতা শেয়ার করে, আইডিয়া দেয়। আমি সবসময়ই ওদের কথা বলতে দেখি। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ঘোরে, কিন্তু আমি সেগুলো এড়িয়ে চলি। বাস্তবে যা দেখি, তাতে ইতিবাচক দিকই বেশি,”—বলেছেন কোটাক।
গত কয়েক মাস ধরে নতুন কোচিং স্টাফের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের সমীকরণ নিয়ে চর্চা চলছেই। কোটাক জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে নতুন বলের নিয়ম মাথায় রেখে ব্যাটিং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে ভারতকে। বিশেষ করে ৩৪ ওভারের পর খেলার চরিত্র বদলে যাওয়ায়, ৩৫ থেকে ৫০ ওভারের মধ্যে কোন বল ব্যবহার হবে—এই সিদ্ধান্ত বোলিং দলের হাতে থাকছে। সেই বাস্তবতায় মানিয়ে নেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে।
সব মিলিয়ে, ড্রেসিংরুমে ‘হাল খারাপ’—এই ধারণাকে কার্যত নস্যাৎ করে দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ। তাঁর বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, মাঠের বাইরের গুঞ্জনের আড়ালে আসলে ভবিষ্যতের জন্যই একজোট হয়ে কাজ করছে ভারতীয় দল।



