নজরবন্দি ব্যুরো: এবার নিজেরাই ট্যাক্সির ভাড়া বাড়িয়ে নেওয়ার কথা ঘোষণা করল ট্যাক্সি মালিক সংগঠনগুলি। আগামী ১ আগস্ট থেকে ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা। হুঁশিয়ারি দিয়ে জানাল বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন।
আরও পড়ুনঃ সৌরভের বাড়িতে করোনার থাবা, আক্রান্ত দাদা স্নেহাশিস, সৌরভ সহ গোটা পরিবার কোয়ারেন্টাইনে


দাবি, সরকার সিদ্ধান্ত না নিলে এই ভাড়াতেই চালানো হবে ট্যাক্সি। তারপর প্রতি কিমিতে ভাড়া ২৫ টাকা ধার্য করা হবে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফে বিমল গুহ জানান, ১ আগস্ট থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ডিজেলের দাম মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। এর পর আর পুরনো ভাড়াতে গাড়ি চালান যাচ্ছে না।
এদিন চারটি সংগঠন বৈঠকে বসে এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তবে যাত্রীদের অভিযোগ, এভাবে ভাড়া বাড়ানোর মানে কী, যেখানে ট্যাক্সিচালকরা কোনওদিনই মিটারে যেতে চান না। ভাড়ার নামে যেমন খুশি জুলুমবাজি চলছেই।
লকডাউনের সময় তা আরও বেড়েছে। যাত্রী প্রত্যাখ্যান তো রোজকার ঘটনা। ফলে সরকারের এবিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে, এভাবে যাত্রীভাড়া বাড়ানো বেআইনি। সরকার পদক্ষেপ গ্রহণ করবে।











