নজরবন্দি ব্যুরো: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর এবার কাটছাঁট রাজ্যের প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাসেও। করোনা মহামারী এবং লাগাতার স্কুল বন্ধের জেরেই এমন সিদ্ধান্ত তা বলাই যায়। এবার মাধ্যমিক, একাদশ ও উচ্চমাধ্যমিকের পর কমছে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাসও।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশে
জানা গিয়েছে, স্কুলের বিভিন্ন স্তরের এই সিলেবাসগুলি ৩০ থেকে ৩৫ শতাংশ ছোট হচ্ছে। ইতিমধ্যেই সিলেবাস কমিটি প্রয়োজনীয় কাটছাঁটের পর সংক্ষিপ্ত পাঠ্যক্রম বোর্ডগুলির কাছে পাঠিয়ে দিয়েছে।
এই অতিমারী পরিস্থিতিতে প্রথমে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে কাটছাঁট করা হয়েছিল। বাদ দেওয়া হয়েছিল পাঠ্যক্রমের ৩০-৩৫ শতাংশ। পরবর্তীকালে ২০২১-এর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম থেকেও ৩০-৩৫ শতাংশ কমিয়ে দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংক্ষিপ্ত পাঠ্যক্রমের ভিত্তিতে প্রশ্নপত্রের ধরনেও বদল করা হয়েছিল।
শিক্ষা সংসদ ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং একাদশের বার্ষিক পরীক্ষার জন্যেও সেই সংক্ষিপ্ত পাঠ্যক্রম ও পরিবর্তিত প্রশ্নপত্রের ধরন বজায় রাখার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তি জারি করে আগস্টের শুরুতেই তা জানিয়ে দিয়েছিলেন।
এবার কমছে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস!
মধ্যশিক্ষা পর্ষদও আগস্টের শেষের দিকে জানিয়ে দেয়, ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার পাঠ্যক্রম থেকে ৩০-৩৫ শতাংশ অংশ কমানো হয়েছে। মাধ্যমিক, একাদশ ও উচ্চমাধ্যমিকের পর এবার প্রথম থেকে নবম শ্রেণির পাঠ্যক্রমও কমানো হল।



