টলিউডের সংগঠন-রাজনীতি ও স্টুডিয়োপাড়াকে ঘিরে নতুন বিতর্ক। তোলাবাজি, হুমকি এবং যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাসকে কেন্দ্র করে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই পাঁচজন অভিযোগকারীর বয়ান একত্রিত করে তদন্ত এগোচ্ছে, যার মধ্যে রয়েছেন দুই মহিলা এবং তিন পুরুষ।
এক মহিলা মেক-আপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ আলিপুর থানা। সেই তদন্তের সূত্র ধরেই গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। তদন্তকারীদের দাবি, অভিযোগকারীদের বক্তব্যে একাধিক গুরুতর অভিযোগ উঠে এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে।
স্বরূপের গ্রেফতারির পর নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভও দেখা যায়। থানার বাইরে জড়ো হওয়া একাংশ বিক্ষোভকারী অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে বাইরে আনা হলে স্লোগানও ওঠে।
অভিযোগকারী মহিলা জানিয়েছেন, তিনি টালিগঞ্জের একটি মেক-আপ আর্টিস্ট সংগঠনের সদস্য। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কাজ না পাওয়ায় ২০২৫ সালের আগস্ট মাসে কাজের সন্ধানে স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান। সেখানে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বদলে অর্থ দাবি করা হয় বলে অভিযোগ। এমনকি টাকা না দিলে ভবিষ্যতে কোনও কাজ মিলবে না বলেও তাঁকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
মহিলার আরও দাবি, চলতি বছরের এপ্রিল মাসে ফের কাজের বিষয়ে যোগাযোগ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, কাজ পাওয়ার শর্ত হিসেবে তাঁর সামনে আপত্তিকর প্রস্তাব রাখা হয়। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে পরবর্তী সময়ে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন।
এখানেই শেষ নয়। অভিযোগকারিণীর দাবি, কয়েক দিনের মধ্যেই তাঁর বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হয়। হামলার চেষ্টার অভিযোগও উত্থাপিত হয়েছে। এই সমস্ত অভিযোগ বর্তমানে পুলিশের তদন্তের আওতায় রয়েছে।
তদন্তকারী সংস্থার সূত্রে খবর, মোট পাঁচজনের অভিযোগ একত্রিত করে একটি বিস্তৃত মামলা গঠন করা হয়েছে। অভিযোগগুলির সত্যতা যাচাই করতে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চলছে।
যদিও অভিযোগের বিষয়ে আদালতে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলিকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। তবে স্টুডিয়োপাড়ার অন্দরে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের।



