নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্যভবনের উদ্দেশ্যে রওনা দেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কদের একাংশ। কিন্তু শুভেন্দু অধিকারীকে স্বাস্থ্যভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে তীব্র ঝামেলায় জড়ান বিরোধী দলনেতা।
আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের জেরে ভারী বর্ষণ, আগামী দুদিন দাপিয়ে বৃষ্টি বাংলায়
এদিন সকাল ১১টা নাগাদ ২২ জন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে হাজির হন শুভেন্দু অধিকারী। উদ্দেশ্য ছিল, সংশ্লিষ্ট বিভাগের আধিকারিককে ডেঙ্গু নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া। কিন্তু স্বাস্থ্যভবনের গেটের বাইরেই তাঁদের আটকে দেয় পুলিশ।

পুলিশ বাধা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই উত্তেজিত হয়ে ওঠেন শুভেন্দু। শুরু হয় বাকবিতণ্ডা। শুভেন্দু বলেন, ‘আপনারা বিধায়কদের এভাবে আটকাতে পারেন না’। কিন্তু, পুলিশের তরফে কোনোভাবেই শুভেন্দুকে ঢুকতে না দেওয়া হলে বাইরেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতারা।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, পুলিশ ‘বাধা’ দেওয়ায় ঝামেলা চরমে
শুভেন্দুর অভিযোগ, ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার। সেই কারণেই ডেঙ্গু নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে প্রশাসন তা জানতেই বিজেপি নেতারা স্মারকলিপি জমা দিতে এসেছিলেন। শুভেন্দু বলেছেন, “শুনলাম আমাদের তুলে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তাই আমরাই ভ্যানে উঠে পড়লাম।” তিনি আরও বলেছেন, “দেশের বাকি সব রাজ্য ডেঙ্গি সংক্রান্ত রিপোর্ট জমা দিলেও পশ্চিমবঙ্গ তথ্য লুকোচ্ছে। সেই তথ্য জানতেই স্বাস্থ্য ভবনে এসেছিলাম।”




