শনিবার রাতেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari-র কনভয়ের উপর লাঠি–বাঁশ নিয়ে হামলার অভিযোগ ঘিরে শুরু হল তীব্র রাজনৈতিক চাপানউতোর। হামলার পরপরই চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে মেঝেতে বসে অবস্থান শুরু করেন শুভেন্দু—দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত সেখানেই থাকার ঘোষণা তাঁর।
দলীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় পুরুলিয়ায় জনসভা সেরে ফেরার পথে চন্দ্রকোনা রোড বাজারের কাছে বিপত্তি ঘটে। ঘড়িতে তখন রাত সাড়ে আটটা নাগাদ। অভিযোগ, চৌরাস্তা পেরোনোর সময় আচমকাই কনভয়ের পথ আটকে দাঁড়ান একদল Trinamool Congress কর্মী-সমর্থক। বাঁশ ও লাঠি হাতে শুভেন্দুর গাড়ির দিকে তেড়ে যাওয়ার পাশাপাশি স্লোগান-পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


বিজেপির দাবি, প্রকাশ্য রাস্তায় প্রায় ঘণ্টাখানেক ধরে উত্তেজনা চললেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়েন শুভেন্দু। সেখানেই মেঝেতে বসে অবস্থান শুরু করে তিনি স্পষ্ট জানান, “যতক্ষণ না দোষীদের গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ এখান থেকে উঠব না। এসপি ও ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হোক।”
ঘটনাস্থলে আইনজীবী ডেকে অভিযোগপত্র তৈরির কাজও শুরু হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী চন্দ্রকোনা রোডের দিকে রওনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক সহিংসতা ও পুলিশি ভূমিকা নিয়ে। রাতের ঘটনায় এলাকায় এখনও টানটান উত্তেজনা বজায় রয়েছে।









