বাংলার ১৬টি রাজ্য সড়ক জাতীয় সড়ক করার উদ্যোগ, কেন্দ্রের আশ্বাসের পর মোদিকে চিঠি লিখবেন শুভেন্দু

মালদহ থেকে পেট্রাপোল, দুর্গাপুর থেকে বাঁকুড়া—বাংলার ১৬টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ককে জাতীয় সড়কের মর্যাদা দেওয়ার উদ্যোগ। কেন্দ্রের ইতিবাচক আশ্বাসের পর প্রধানমন্ত্রীকে চিঠি লিখতে চলেছেন শুভেন্দু অধিকারী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গের ১৬টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার উদ্যোগে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হস্তক্ষেপ চাইতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রের তরফে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে রাজ্যের প্রায় ২,০০০ কিলোমিটার সড়কপথের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণে বড় পরিবর্তন আসতে পারে।

রাজ্যের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সড়কগুলিকে জাতীয় সড়কের মর্যাদা দেওয়ার দাবি দীর্ঘদিনের। এর মধ্যে সীমান্তবর্তী এলাকার রাস্তার পাশাপাশি শিল্পাঞ্চল, যোগাযোগ ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পথও রয়েছে।

গত সেপ্টেম্বরেই ১৬টি রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার প্রক্রিয়া শুরু হওয়ার খবর সামনে এসেছিল। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার (Ajay Poddar) কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকড়ির (Nitin Gadkari) কাছে এই প্রস্তাব তুলে ধরেছিলেন। সরকারি সূত্রের বক্তব্য অনুযায়ী, প্রায় ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কগুলিকে জাতীয় সড়ক করার আবেদনে কেন্দ্র ইতিবাচক সাড়া দিয়েছিল।

এই তালিকায় রয়েছে মালদহের গৌড় ও মহদিপুর সীমান্ত সংযোগকারী রাস্তা, চাকদহ-বনগাঁ-পেট্রাপোল সড়ক, দুর্গাপুর-বাঁকুড়া, পুরুলিয়া-বরাকর এবং সাঁইথিয়া হয়ে মহম্মদবাজার থেকে কান্দি যাওয়ার রাস্তা। এছাড়াও রয়েছে আসানসোলের জুবিলি মোড় থেকে জামতাড়া রোড এবং গঙ্গাসাগরগামী গুরুত্বপূর্ণ সড়ক।

সীমান্তবর্তী সড়কগুলির গুরুত্বও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত থাকায় এই রাস্তাগুলি বাণিজ্য, যাতায়াত এবং কৌশলগত যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়ক সংক্রান্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি বাংলার সড়ক পরিকাঠামোর জন্য বিপুল বিনিয়োগের ঘোষণা করেছেন। কেন্দ্রের এই ইতিবাচক অবস্থানের পর ১৬টি রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার বিষয়টি দ্রুত এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার উদ্যোগ নিয়েছেন শুভেন্দু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর