সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান—হোয়াট্‌সঅ্যাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

হোয়াট্‌সঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। সংবিধান মানতে না পারলে ভারত ছাড়ার পরামর্শ, তথ্য সুরক্ষায় আপস নয় বলে সাফ বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডিজিটাল গোপনীয়তা নিয়ে আপস নয়—এই স্পষ্ট বার্তা দিয়ে হোয়াট্‌সঅ্যাপ ও তার নিয়ন্ত্রক সংস্থা মেটাকে কার্যত কাঠগড়ায় দাঁড় করাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে শুনানির সময় দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দেন, ভারতের নাগরিকদের তথ্য নিয়ে কোনওরকম ‘খেলা’ বরদাস্ত করা হবে না। তাঁর কড়া মন্তব্য—“আমাদের সংবিধান মানতে না পারলে ভারত ছেড়ে চলে যান।” এই পর্যবেক্ষণেই স্পষ্ট, হোয়াট্‌সঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে আদালতের অসন্তোষ চরমে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে হোয়াট্‌সঅ্যাপের ২০২১ সালের প্রাইভেসি পলিসি সংক্রান্ত মামলার শুনানি হয়। হোয়াট্‌সঅ্যাপের পক্ষে সওয়াল করা আইনজীবীরা দাবি করেন, আন্তর্জাতিক নিয়ম মেনেই তাদের গোপনীয়তা নীতি তৈরি এবং তথ্য আদানপ্রদান শুধুমাত্র সংস্থার অভ্যন্তরেই সীমাবদ্ধ। তবে এই যুক্তি মানতে নারাজ শীর্ষ আদালত। বিচারপতিরা স্পষ্ট করে দেন—বাণিজ্যিক স্বার্থে ব্যবহারকারীর তথ্য আদানপ্রদান কোনওভাবেই গ্রহণযোগ্য নয়

ভারতের নিয়ম বনাম আন্তর্জাতিক নীতি

আদালত স্মরণ করিয়ে দেয়, ভারতের গোপনীয়তা আইন ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ম এক নয়। ফলে ‘আন্তর্জাতিক মান’-এর যুক্তি দেখিয়ে ভারতের নাগরিকদের তথ্য ব্যবহারের স্বাধীনতা কোনও বিদেশি সংস্থা পেতে পারে না। বিচারপতির পর্যবেক্ষণ, হোয়াট্‌সঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নথি এতটাই জটিল যে, একজন সাধারণ মানুষ—যিনি আঞ্চলিক ভাষায় কথা বলেন—তা আদৌ বুঝতে পারবেন কি না, সেটাই প্রশ্ন

কেন্দ্রের অবস্থান

কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, হোয়াট্‌সঅ্যাপের গোপনীয়তা নীতির অপব্যবহারের আশঙ্কা প্রবল। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে বাণিজ্যিক লাভের জন্য কাজে লাগানো হচ্ছে, তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ্য, ন্যাশনাল ল ট্রাইবুনালের এক রায়ের বিরুদ্ধে হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন করেছিল—সেই বিষয়টিও একসঙ্গে শোনা হয়।

কড়া নির্দেশ শীর্ষ আদালতের

দু’পক্ষের সওয়াল-জবাব শেষে মেটা কর্তৃপক্ষের উদ্দেশে প্রধান বিচারপতির সাফ কথা—“আমরা নাগরিকদের গোপনীয়তার সঙ্গে কোনও আপস করতে দেব না।” অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হোয়াট্‌সঅ্যাপ কোনও ব্যবহারকারীর তথ্য মেটার মাধ্যমে প্রকাশ করতে পারবে না। পাশাপাশি, তথ্য সুরক্ষা ও গোপনীয়তা নীতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে মেটা ও হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে ভারতের ডিজিটাল অধিকার ও তথ্য সুরক্ষা নিয়ে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন