ভোটার তালিকা বিতর্কে বড় মোড়! সিদ্ধান্ত নেবে কলকাতা হাই কোর্ট, রাজ্যের আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট

ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ— কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির অনুমতি ছাড়া কোনও পদক্ষেপ নয়। অভিযোগ শুনতে গঠন হবে বিশেষ ট্রাইবুনাল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে— এই সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। রাজ্য সরকারের করা আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, ভোটার তালিকা নিয়ে কোনও নির্দেশ বা হস্তক্ষেপের বিষয় হলে তা প্রথমে হাই কোর্টেই বিবেচিত হবে।

সোমবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ ছিল, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়ছে এবং সেই বিষয়ে আদালতের নজরদারি প্রয়োজন। তবে এই আবেদনেই অসন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

শুনানির সময় তিনি স্পষ্ট বলেন, বিচারবিভাগীয় আধিকারিকরা ইতিমধ্যেই এই প্রক্রিয়ার তদারকি করছেন এবং তাদের কাজ নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। রাজ্যের আইনজীবীকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, “বিচারবিভাগীয় আধিকারিকরা কাজ করছেন। তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন না।” আদালত সতর্ক করে দেয়, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ হলে জরিমানাও হতে পারে।

এখনও নিষ্পত্তি বাকি লক্ষাধিক আবেদন

মঙ্গলবারের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, এখনও প্রায় ৫৭ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ইতিমধ্যেই আদালতকে জানিয়েছেন যে ১০ লক্ষ ১৬ হাজার মামলার নিষ্পত্তি হয়ে গেছে

বর্তমানে পশ্চিমবঙ্গের ৫০০-রও বেশি বিচারবিভাগীয় আধিকারিক এবং ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আসা আরও প্রায় ২০০ জন আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

প্রযুক্তিগত ত্রুটি নিয়ে কমিশনকে সতর্কবার্তা

শুনানির সময় আদালত জানায়, বিচারবিভাগীয় আধিকারিকদের জন্য তৈরি লগইন আইডি সংক্রান্ত একটি প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হয়েছে। আদালতের মতে, এটি নির্বাচন কমিশনের স্তরের একটি ত্রুটির কারণে ঘটেছে।

সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, এই ধরনের প্রযুক্তিগত সমস্যাগুলি অবিলম্বে সংশোধন করতে হবে যাতে বিচারবিভাগীয় আধিকারিকরা নির্বিঘ্নে কাজ করতে পারেন। প্রয়োজনে নতুন লগইন আইডি তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে।

বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপে নিষেধাজ্ঞা

শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির অনুমোদন ছাড়া বিচারবিভাগীয় কাজের উপর প্রভাব ফেলতে পারে— এমন কোনও পদক্ষেপ নেওয়া যাবে না।

এর পাশাপাশি আদালত মনে করিয়ে দেয়, বিচারবিভাগীয় আধিকারিকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক বা নির্বাহী স্তরে কোনও আবেদন করা যাবে না।

গঠন হবে বিশেষ ট্রাইবুনাল

এই মামলার শুনানির শেষে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি ও অভিযোগ শুনতে একটি বিশেষ ট্রাইবুনাল গঠন করা হবে

এই ট্রাইবুনালে থাকবেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং হাই কোর্টের দুই বা তিনজন বিচারপতি। কারা এই ট্রাইবুনালে থাকবেন তা নির্ধারণ করবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি।

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের প্রশ্ন

আবেদনকারীদের দাবি ছিল, যাচাই হওয়া মামলাগুলির ভিত্তিতে পর্যায়ক্রমে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হোক যাতে বৈধ ভোটারের নাম বাদ না পড়ে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। তাঁর কাছে আবেদন জানানো যেতে পারে এবং তিনি বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

শুনানির পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের আগের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। তাই এই বিষয়ে নির্দেশ চাওয়া হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এখন এই বিষয়ে সরাসরি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছেই আবেদন করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত