‘আপনাদের জন্যে যোগ্য শিক্ষকরা পথে বসেছেন, ন্যূনতম লজ্জা থাকা উচিত’, SSC কে সুপ্রিম তিরস্কার

সুপ্রিম কোর্টে কঠোর পর্যবেক্ষণ— “আপনাদের জন্যে যোগ্য শিক্ষকরা পথে বসেছেন।” সাত দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের নির্দেশ পেল SSC।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে আবারও সুপ্রিম কোর্টের তিরস্কার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আগামী সাত দিনের মধ্যে অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে।

আদালতের কড়া মন্তব্য, “আপনাদের জন্যে যোগ্য শিক্ষকরা পথে বসেছেন। ন্যূনতম লজ্জা থাকা উচিত।” কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বিচারপতিরা বলেন, “আপনারা অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসতে দেওয়ার অনুমতি চাইতে হাই কোর্টে গিয়েছিলেন কিভাবে? সুপ্রিম কোর্টকে খারাপ বলা হচ্ছে, অথচ দায় আসলে আপনাদের।”

‘তালিকা কেন প্রকাশ হয়নি?’

আদালত স্মরণ করিয়ে দেয়, হাই কোর্ট ইতিমধ্যেই অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছিল। সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করেনি। তবুও কেন তালিকা প্রকাশ করা হয়নি— এই প্রশ্নে বিব্রত অবস্থায় পড়ে SSC। প্রথমে প্রকাশ করা হয়েছে বলে দাবি করলেও পরে আইনজীবী আদালতের কাছে ক্ষমা চান।

শেষ পর্যন্ত আদালতে জানানো হয়, সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করবে SSC। সেই আশ্বাস নথিভুক্ত করে দেয় সুপ্রিম কোর্ট। বেঞ্চের স্পষ্ট হুঁশিয়ারি, “যোগ্য প্রার্থীদের বিরুদ্ধে আমরা কিছু বলব না। কিন্তু দাগি অযোগ্য প্রার্থীরা থেকে গেলে আদালত চুপ করে থাকবে না।”

পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ

নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে SSC। এর মধ্যেই কিছু চাকরিহারা, যারা দাগি বলে চিহ্নিত নন, তাঁরা পরীক্ষা স্থগিত রাখার আবেদন করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে জানিয়ে দেয়, ৭ থেকে ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা হবে।

২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিলের রায়

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। এতে চাকরি হারান ২৫,৭৩৫ জন। আদালতের পর্যবেক্ষণ ছিল— সঠিক তথ্য না থাকায় যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। তাই গোটা প্যানেলই বাতিল করতে হয়। একই সঙ্গে কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও, ‘দাগি’ প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও এসেছিল। পরে SSC ও রাজ্য রিভিউ পিটিশন দায়ের করলেও, সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।

সর্বোপরি, আদালতের বার্তা একটাই— নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ না করলে SSC-র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট।

দেখুন সুপ্রিম কোর্টে আজ কি হল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন