ঋতুকালীন স্বাস্থ্যকে আর দয়ার বিষয় নয়, সরাসরি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিল দেশের সর্বোচ্চ আদালত। দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন এবং পৃথক শৌচাগার নিশ্চিত করার ঐতিহাসিক নির্দেশ দিল Supreme Court of India। আদালতের স্পষ্ট বার্তা—এই নির্দেশ মানা বাধ্যতামূলক, অন্যথায় স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।
শুক্রবার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মাধবন-এর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, ঋতুকালীন স্বাস্থ্য সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের আওতায় জীবন ও মর্যাদার অধিকারের অবিচ্ছেদ্য অংশ। তাই সরকারি হোক বা বেসরকারি—সব স্কুলকেই এই নির্দেশিকা কার্যকর করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, ঋতুকালীন স্বাস্থ্য পরিষেবার অভাব সরাসরি ছাত্রীদের শিক্ষা ও সম্মানজনক জীবনযাপনের অধিকারে আঘাত হানে।
রায়ে বলা হয়েছে, যদি কোনও স্কুলে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা না থাকে বা ছাত্রীদের জন্য পৃথক ও ব্যবহারযোগ্য শৌচাগার না থাকে, তবে তা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে সমতার অধিকার, ২১ নম্বর অনুচ্ছেদে জীবন ও মর্যাদার অধিকার এবং ২১এ অনুচ্ছেদে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার—এই তিনটিরই লঙ্ঘন।
একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, সব স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার থাকতে হবে এবং সেখানে পর্যাপ্ত জল ও পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শৌচাগার নির্মাণের সময় বিশেষ ভাবে সক্ষমদের প্রয়োজনও মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চের কড়া সতর্কবার্তা, “এই পরিকাঠামো না থাকলে স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।”
এই মামলার সূত্রপাত হয়েছিল ২০২৪ সালের ১০ ডিসেম্বর। জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন জয়া ঠাকুর। তাঁর আবেদনে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য স্কুলে ‘ঋতুকালীন স্বাস্থ্যবিধি’ মেনে চলা এবং বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার দাবি জানানো হয়েছিল। সেই মামলার শুনানিতেই এই যুগান্তকারী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আদালত আরও জানিয়েছে, ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে স্কুলে অতিরিক্ত ইউনিফর্ম রাখতে হবে, যাতে হঠাৎ সমস্যায় পড়লে মেয়েদের অস্বস্তিতে না পড়তে হয়। পাশাপাশি শৌচাগারে সাবান, প্রয়োজনীয় ওষুধসহ ঋতুকালীন সময়ে ব্যবহারের জন্য সব জরুরি সামগ্রী রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের তিনটি বাধ্যতামূলক নির্দেশ
-
সব স্কুলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার তৈরি করতে হবে এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে।
-
শৌচাগার নির্মাণে বিশেষ ভাবে সক্ষমদের প্রয়োজন অবশ্যই বিবেচনা করতে হবে।
-
সব স্কুলে পরিবেশবান্ধব স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে সরবরাহ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় কার্যকর হলে গ্রামীণ ও পিছিয়ে পড়া অঞ্চলের লক্ষ লক্ষ ছাত্রী স্কুলছুট হওয়া থেকে রক্ষা পাবে এবং শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈষম্য কমাতে এটি মাইলফলক হয়ে থাকবে।



