সুপ্রিম নির্দেশে ফের জটিলতা! বাংলায় SIR ডেডলাইন পিছোনোর পথে নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্টের একগুচ্ছ নির্দেশ মানতে গিয়ে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময়সীমা ফের পিছোতে পারে, বদলাতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশের দিন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে ফের অনিশ্চয়তা। সুপ্রিম কোর্টের একগুচ্ছ কড়া নির্দেশ কার্যকর করতে গিয়ে নির্ধারিত সময়সীমা মানা কঠিন হয়ে পড়ছে বলেই কমিশন সূত্রে খবর। ফলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদলাতে পারে—এমন সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি।

প্রথম দফায় সময়সীমা বাড়ানোর পর জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছিল, আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানির দিন ধার্য করে এগোচ্ছিল সংশোধন প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস মামলা করে সুপ্রিম কোর্ট-এ।

সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত স্পষ্ট করে জানায়, লজিক্যাল ডিসক্রেপেন্সির ভিত্তিতে যেসব ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে, তাঁদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। শুধু তাই নয়, ওই তালিকা সংশ্লিষ্ট ওয়ার্ড ও পঞ্চায়েত এলাকায় টাঙানোর নির্দেশও দেয় আদালত। পাশাপাশি ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহের পর বাধ্যতামূলকভাবে রিসিভ কপি দেওয়ার কথাও বলা হয়েছে।

কমিশন সূত্রে দাবি, এই সমস্ত নির্দেশ বাস্তবায়ন করতে অতিরিক্ত সময় লাগবে। মাঠপর্যায়ে তালিকা প্রকাশ, নথি যাচাই এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা কঠিন হতে পারে। তার জেরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন