দিল্লি দাঙ্গা মামলা: উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ সুপ্রিম কোর্টেও

‘অপরাধমূলক ষড়যন্ত্রের স্পষ্ট ইঙ্গিত রয়েছে’—UAPA মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, তবে পাঁচ অভিযুক্ত পেলেন জামিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২০ সালের দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় ছাত্রনেতা উমর খালিদশারজিল ইমাম-এর জামিনের আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলে পাঁচ বছরের বেশি সময় ধরে জেলবন্দি থাকা এই দুই অভিযুক্তের আপাতত মুক্তি মিলছে না।

সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, মামলার নথিতে তাঁদের বিরুদ্ধে “অপরাধমূলক ষড়যন্ত্রের প্রত্যক্ষ ইঙ্গিত” রয়েছে। এই পর্যায়ে জামিন দেওয়া যায় না বলেই মত আদালতের।

দিল্লি হাইকোর্টের রায় বহাল

UAPA আইনের অধীনে দায়ের হওয়া মামলায় দিল্লি হাইকোর্ট আগেই উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই তাঁরা সুপ্রিম কোর্ট-এর দ্বারস্থ হন। তবে শীর্ষ আদালতও হাইকোর্টের পর্যবেক্ষণ বহাল রাখল।

তবে পাঁচ অভিযুক্ত পেলেন স্বস্তি

একই মামলায় অভিযুক্ত অন্য পাঁচ জনকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁরা হলেন—গলফিশা ফাতিমা, মীরান হায়দার, শিফা উর রেহমান, মহম্মদ সেলিম খান এবং শাদাব আহমেদ। আদালত জানিয়েছে, তাঁদের ভূমিকা ও মামলার প্রেক্ষাপট আলাদা হওয়ায় এই সিদ্ধান্ত।

কী এই মামলা

২০২০ সালের ফেব্রুয়ারিতে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর প্রতিবাদ ঘিরে উত্তাল হয়ে ওঠে পূর্ব দিল্লি। সেই হিংসায় মৃত্যু হয় ৫৩ জনের, আহত হন ৭০০-রও বেশি মানুষ। দিল্লি পুলিশ এই হিংসার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে একাধিক ছাত্র ও সমাজকর্মীর নাম উল্লেখ করে, যার মধ্যে উমর খালিদ ও শারজিল ইমাম অন্যতম। তাঁদের বিরুদ্ধে UAPA-সহ একাধিক কঠোর ধারায় মামলা দায়ের হয়।

শুনানিতে কী যুক্তি ওঠে

আদালতে অভিযুক্তদের আইনজীবীরা যুক্তি দেন, দীর্ঘদিন ধরে বিনা বিচারে তাঁদের মক্কেলদের জেলে আটকে রাখা হয়েছে। ২০২২ সাল থেকেই জামিনের আবেদন বিচারাধীন, অথচ বিচার প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষে সওয়াল করেন তুষার মেহতা এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু। অভিযুক্তদের পক্ষে হাজির ছিলেন কপিল সিব্বল, অভিষেক সিংভি, সিদ্ধার্থ দাভে, সালমান খুরশিদ ও সিদ্ধার্থ লুথরা-সহ একাধিক সিনিয়র আইনজীবী।

কেন গুরুত্বপূর্ণ এই রায়

আইন বিশেষজ্ঞদের মতে, UAPA মামলায় জামিনের মানদণ্ড নিয়ে এই রায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে, দিল্লি দাঙ্গা মামলায় বিচার প্রক্রিয়া ও অভিযুক্তদের দীর্ঘ কারাবাস নিয়ে চলা বিতর্কও নতুন করে সামনে এল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন