গত রবিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটে মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। এই ঠিকানায় থাকেন বলিউডের ভাইজান, সলমন খান। তাঁর বাড়ির সামনেই বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালান কয়েকজন। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ৩ জন। তাঁদের মধ্যে দু’জন কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এবার পুলিশ জানাল, এই কাজের জন্য মোট কত টাকা সুপারি পেয়েছেন তাঁরা।
আরও পড়ুন: পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, অগ্নিমিত্রা-সহ ১৬ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে FIR
হামলাকারীরা জানিয়েছেন, সলমন খানকে হত্যা করার কোনও পরিকলনা ছিল না তাঁদের। শুধুমাত্র ভয় দেখানোই ছিল উদ্দেশ্য। পাশাপাশি, তাঁরা আরও জানিয়েছে, এই কাজের জন্য তাঁরা মোট ৪ লক্ষ টাকা ‘সুপারি’ হিসাবে পেয়েছিলেন।

যে তিন জন গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হলেন ভিকি গুপ্তা ও সাগরকুমার পালক। তৃতীয় এক ব্যক্তিকে বুধবার হরিয়ানা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছিলেন মধ্যস্থতাকারী। এদিকে ঘটনার পরপরই দায়য স্বীকার করে আনমোল বিষ্ণোই বলেন, ‘সলমন খান, আমাদের হালকাভাবে নেবেন না। এটাই প্রথম ও শেষ সতর্কবাণী। এরপর আপনার বাড়ির ভিতরে গুলি চলবে।’

অনেক দিন আগে থেকেই পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়। সলমনের ফার্ম হাউস ও বান্দ্রার বাড়ি রেইকি করার জন্য পানভেলে একটা ঘর এক মাস ধরে ভাড়া নিয়েছিল বন্দুকবাজরা। পানভেলের এক বাসিন্দার কাছ থেকে ২০,০০০ টাকায় একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলেন তাঁরা।
কত টাকার বিনিময়ে ভাইজানের বাড়িতে হামলা? সুপারির অঙ্ক জানাল বিষ্ণোই গ্যাং

সলমন খানের বাড়ি লক্ষ্য করে পাঁচ-ছ’রাউন্ড গুলি চালানোর পর মোটরবাইকটি মাউন্ট মেরি রোডে ফেলে পালিয়ে যায় বন্দুকবাজরা। সেখান থেকে অটো নিয়ে বান্দ্রা স্টেশনে গিয়ে লোকাল ট্রেনে চেপে সান্তাক্রুজে নেমে পড়েন তাঁরা। মঙ্গলবার ধৃতদের ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।









