নজরবন্দি ব্যুরো: আজও দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতে গরু পাচার মামলায় ধৃত তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের অন্তর্বর্তী জামিনের রায়দান হল না। ফলে বলাই যেতে পারে, আদালতে ঝুলে রইল অনুব্রত কন্যার জামিনের আবেদন। পরবর্তী রায়দান ১২ তারিখ।


দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ আদালতে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন সুকন্যা মণ্ডল। সুকন্যার আইনজীবী অমিত কুমারের দাবি ছিল, অর্থনৈতিক সংকটে আছেন সুকন্যা। কারণ, তাঁর বাবা জেলবন্দি, মায়ের মৃত্যু হয়েছে, মামলা চালানোর মতো অর্থটুকুও তাঁর নেই। পাল্টা ইডির তরফের আইনজীবী মণীশ কোঠারি বলেন, গরু পাচার মামলার কোটি কোটি কালো টাকা সাদা করার দায়িত্বে ছিলেন অনুব্রত কন্যা, তাই তাঁর অর্থনৈতিক সংকটে থাকা উচিৎ হয়। পাশাপাশি, সুকন্যা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। যদিও, সুকন্যার আইনজীবী জানান, সুকন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘এটাচ’ করে দিয়েছে ইডি, তাই কোনরকম লেনদেন তিনি করতে পারছেন না।

দু’পক্ষেরই বক্তব্য শুনেও বিচারপতি রঘুবীর সিংহের এজলাস আজ সিদ্ধান্ত নিতে পারলেন না। তাঁদের আশঙ্কা, সুকন্যা মণ্ডল একজন প্রভাবশালী নেতার মেয়ে ফলে তিনি জামিন পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। এর আগেও একবার অন্তবর্তী জামিনের আবেদন করেন সুকন্যা। সেখানেও খারিজ হয়ে যায় তাঁর আবেদন। এবার আগামী ১২ জুলাই সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন আদালত মঞ্জুর করে কিনা সেটাই দেখার।


ঝুলে রইল অনুব্রত কন্যার জামিনের আবেদন, আজও রায় দিলেন না বিচারপতি








