নজরবন্দি ব্যুরো: রবিবাসরীয় প্রচারে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার চন্ডীপুরকে নির্বাচন করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। লক্ষ্য ছিল জনসংযোগ বৃদ্ধি। গিয়েছিলেন চৈতন্যপুর গীতাভবনেও। সেখানে পুজো দেবার পাশাপাশি কথা হয় পূজারী ও কর্তৃপক্ষের সঙ্গে। এরপর ময়ূরেশ্বর ও মহম্মদ বাজারেও জনসংযোগ ও মহামিছিল করার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতির।
আরও পড়ুন: বিজেপিই বুথে কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, কমিশনকে পাল্টা দিলেন সুকান্ত


প্রসঙ্গত, বীরভূমের ১১টি বিধানসভা এলাকার মধ্যে মাত্র একটি বিজেপির দখলে। সেটি হল, দুবরাজপুর। আর এদিন দুবরাজপুরেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে হাজির হলেন সুকান্ত মজুমদার। বিগত বেশ কয়েকবছর ধরেই বীরভূম ‘জেলা’ হিসেবে যতটা না পরিচিত হয়েছে, ‘অনুব্রতগড়’ হিসেবে সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে বেশী। শাসক দল তৃণমূল কংগ্রেসের সেই দোর্দণ্ডপ্রতাপ নেতা এখন গরুপাচার মামলায় গ্রেফতার। শুধু তিনিই নয়, কন্যা সুকন্যা মণ্ডলও বাবার সাথে রয়েছেন তিহাড় জেলে। ফলে বীরভূমে বহু বছর প্রতীক্ষার বছর পর বিরোধী রাজনৈতিক দলগুলির ‘সূঁচ’ হয়ে ঢুকে ‘ফাল’ হয়ে বেরোনোর শুভ সময় উপস্থিত। আর সেটাকেই কাজে লাগাতে জেলায় ঝাঁপিয়ে পড়তে চাইছেন সুকান্ত সহ বীরভূমে অন্যন্য বিজেপি নেতারা।

অন্যদিকে আবার, বীরভূমে অনুব্রত মণ্ডল না থাকলেও তৃণমূলের বাজার দর একাবারেই কমেনি। এই জেলাতেই এখনও পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েতের ১,০১৯টি আসন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছে শাসক দল। যা অন্যান্য জেলার তুলনায় সর্ব্বোচ্চ। অনুবত মন্ডলের পর বীরভূমের দায়িত্ব নানুরের আরেক দাপুটে নেতা কাজল শেখের ওপর দিয়েছেন মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরী করা হয়েছে একটি কোর কমিটি, সেখানেও কাজ হচ্ছে দলনেত্রীর নির্দেশ মেনেই।

২০২২ সালে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রায় সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলায় তৎপরতা বাড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিরোধী দলনেতা বারবার এসেছেন জেলায়। এমনকি এপ্রিলে সিউড়িতে সভা করতে আসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সংগঠনকে মজবুত করতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও বিশেষভাবে নজর দিতে চান রাজ্য সভাপতি। আগামী দিনে বীরভূম যে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হবে সে বিষয়ে আশাবাদী তিনি। এখন, রাজনৈতিক লড়াইয়ে পঞ্চায়েতের শেষ হাসি কে হাসে সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


রবিবাসরীয় প্রচারে অনুব্রতগড়ে ঝড় তুলছেন সুকান্ত








