নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ঘটনা বেড়েই চলেছে। মনোনয়নের পর এবার স্ক্রুটিনি পর্বেও বেলাগাম সন্ত্রাস। মালদহের কালিয়াচকে তৃণমূল নেতা মুস্তাফা শেখকে রাস্তায় ফেলে পিটিয়ে খুন করা হল। তিনি ছিলেন সুজাপুরের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। ঘাসফুল শিবিরের অভিযোগের তির সরাসরি কংগ্রেসের দিকে। যদিও তৃণমূল নেতার ওপর হামলার ঘটনা অস্বীকার করেছে কংগ্রেস। এই ঘটনায় ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল।
আরও পড়ুন: চাকা ঘোরেনি বিধানসভায়, পঞ্চায়েতে কতটা খেল দেখাবে বিজেপি?


জানা গিয়েছে, দুপুরবেলা বাড়ি ফিরছিলেন সুজাপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মুস্তাফা শেখ। এমনই সময়ই কালিয়াচকে তাঁর ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মুস্তাফাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলতি সপ্তাহেই হিংসার বলি হলেন ৬ জন।

এদিকে, তৃণমূলের পক্ষ থেকে সুজাপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে খুনের জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করা হয়েছে। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেছেন, “পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে অনেকেই কংগ্রেসে যোগ দিয়েছে। আর তাঁরাই এই ধরনের অশান্তি সৃষ্টি করে চলেছে।“ পাল্টা কংগ্রেসের বক্তব্য, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই প্রাণ হারিয়েছেন মুস্তাফা, তাঁরা এই ঘটনার জন্য কোনোভাবেই দায়ী নয়।
সুজাপুরের তৃণমূল প্রার্থীকে পিটিয়ে খুন, কংগ্রেসকে নিশানা সাবিনা ইয়াসমিনের










