বাথরুমে পড়ে গুরুতর আহত সুব্রত বক্সী, মস্তিষ্কে রক্তজমাট, হতে পারে অস্ত্রোপচার

বাথরুমে পড়ে মাথায় গুরুতর চোট পান তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মস্তিষ্কে রক্তজমাট বাঁধায় অস্ত্রোপচারের সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মাথায় আঘাত লাগার ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং সেখানে রক্ত জমাট বেঁধেছে। চিকিৎসকদের একাংশ মনে করছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। রাজ্যের রাজনৈতিক মহলে এই খবর ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুব্রত বক্সী। প্রাথমিকভাবে জানা যায়, বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক শারীরিক পরীক্ষা ও স্ক্যানের পর চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তজমাটের বিষয়টি শনাক্ত করেন।

বর্তমানে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান এই নেতা। হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজনৈতিক মহলেও এই ঘটনায় জোর চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই সুব্রত বক্সীকে তৃণমূলের অন্যতম সংগঠক মুখ হিসেবে দেখা হত। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে তাঁর ভূমিকা অনেকটাই কমে গিয়েছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি।

ভোটের আগেই তৃণমূলের প্রার্থী তালিকা তৈরি ও সাংগঠনিক সিদ্ধান্তে সুব্রত বক্সীর প্রভাব কার্যত দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ সমীকরণে তাঁর গুরুত্ব কমে যাওয়ায় তিনি মানসিকভাবেও কিছুটা হতাশ ছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রের দাবি।

তবে রাজনৈতিক মতভেদ বা দলীয় অবস্থান যাই থাকুক, সুব্রত বক্সীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। তৃণমূলের একাধিক নেতা ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানা গিয়েছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন