নজরবন্দি ব্যুরো: পুর নিয়োগে সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেও তুলে নিল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, পুরো নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই বিষয়ে তদন্ত করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার দেশের শীর্ষ আদালত থেকে নিজেদের করা মামলা নিজেরাই তুলে নিল তাঁরা।
আরও পড়ুন: Nawshad Siddiqui-র পথেই হাঁটলেন অধীর, ভোটের মুখেই দফা বৃদ্ধির দাবিতে মামলা হাইকোর্টে


শিক্ষা দুর্নীতির তদন্ত করতে করতে ধৃত অয়ন শীলের বয়ানে উঠে আসে পুরসভা নিয়োগ দুর্নীতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সরে গেলে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চও কেন্দ্রীয় সংস্থার ওপরেই তদন্তের ভার দেয়। সেই সময় রাজ্য তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা করার পাশাপাশি সুপ্রিম কোর্টেও একটি মামলা ঠোকে। এখন, সেই মামলাটিকেই তাঁরা শীর্ষ আদালত থেকে তুলে নিল। তাহলে, প্রশ্ন থেকে যায়, সিবিআই তদন্তের রায়ই কি মেনে নিতে চলেছে রাজ্য সরকার?

প্রসঙ্গত, এর আগেও এই একই মামালাটি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। তখন তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কোনও রায়ই দেয়নি। তাই শীর্ষ আদালতে ভর্ৎসনার মুখেও পড়েছিল রাজ্য। মামলাটি তুলে নিতেও বাধ্য হয়। এরপর ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তের নির্দেশই বহাল রেখেছিল। সেই ভিত্তিতে দ্বিতীয়বারের জন্য সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এবার সেই দ্বিতীয়বার করা মামলাটিও তুলে নিল রাজ্য সরকার।










