নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্র বিডিও অফিসের বাইরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। কিন্তু এরপরও রাজ্যের মন্ত্রী বহু সমর্থকদের নিয়ে বৃহস্পতিবার ১৪৪ ধারা উপেক্ষা করেই বিডিও অফিসে ঢুকে পড়েন বলে অভিযোগ।
আরও পড়ুন: চোপড়াতে মৃত্যুর ঘটনা, রাজ্যকে ভৎসনা হাইকোর্টের বিচারপতির


বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অন্যান্য দিনগুলির তুলনায় এদিন উত্তেজনা কার্যত বেশি। আচমকাই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ৪০ জন সমর্থক নিয়ে বিডিও অফিসের ভিতরে ঢুকে পড়েন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পার্থ ভৌমিক বিরোধী দলের প্রতিনিধিদেরও বলে গেলেন, “কোনও অসুবিধা হলে নির্দ্বিধায় আপনারা ফোন করবেন, বলবেন।”

১৪৪ ধারা উপেক্ষা করেই বিডিও অফিসে সেচমন্ত্রীর ঢুকে পড়ার ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। সিপিএম নেতা শম্ভু চক্রবর্তী বলেন, “এত লোক নিয়ে মন্ত্রী এসেছেন। এটা নির্বাচনী বিধিভঙ্গ। এমন কাজ তিনি করতে পারেন না। প্রশাসন কীভাবে সম্মতি দিচ্ছে, সেটাই বিষয়।” বিরোধীদের কেউ আবার বলেন, “১৪৪ ধারা জারি থাকলে তো তিনি সেটা করতে পারেন না।”



উল্লেখ্য, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। ১৫ জুন, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নের শুরু থেকেই বিভিন্ন প্রান্তে অশান্তির খবর সামনে এসেছে। ভাঙড়ে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বোমাবাজি হয়, কয়েক রাউণ্ড গুলি চলে। তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে না দেওয়ার অভিযোগ ওঠে। অতঃপর নিরাপত্তার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ।
১৪৪ ধারাকে ‘ডোন্ট কেয়ার’, দলবল নিয়ে বিডিও অফিসে রাজ্যের মন্ত্রী








