নজরবন্দি ব্যুরোঃ যোগ্যদের নিয়োগের দাবিতে টানা ৭৬৮ দিন ধরে ধর্না দিচ্ছেন চাকরি প্রার্থীরা। শুক্রবার সুর চড়িয়ে রাজপথ থেকে রাজভবন অভিযানে চাকরিপ্রার্থীরা। হামাগুড়ি দিতে দিতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন চাকরি প্রার্থীরা। কিন্তু ওই এলাকায় ১৪৪ ধারা লাগু করার জন্যে পথ আটকায় পুলিশ।


নিয়োগের দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। শহিদ মাতঙ্গিনী হাজরার পাদদেশে, আবার গান্ধী মূর্তির পাদদেশে দীর্ঘ সময় ধরে ধর্না জারি রয়েছে তাঁদের। কোথাও প্রায় ৮০০ দিন ধরে প্রবল দাবদাহের মধ্যেও জারি রয়েছে ধর্না। সরকারের তরফ থেকে ইতিবাচক সাড়া না মিললেও এখনও নিজেদের দাবিতে অনড় চাকরি প্রার্থীরা। শুক্রবার সেই দাবিকে আরও জোরালো করতে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয় গ্রুপ ডি চাকরি প্রার্থীদের তরফে।

এদিন মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে শুরু হয় মিছিল। তাঁদের বক্তব্য, সরকার আমাদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে। সমস্ত দিক থেকে সরকার আমাদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে। কারণ, দিনের পর দিন আমরা রাস্তায় বসে রয়েছি। আমাদের গড় আয়ু কমে গেছে। তাও মুখ্যমন্ত্রী মানবিক হয়ে আমাদের সঙ্গে বসছেন না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতেই হামাগুড়ি দিয়ে হাঁটছে। প্রায় ১১ টি চাকরি প্রার্থীদের সংগঠন এদিন মিছিলে অংশ নেয়।
রাজপথ থেকে রাজভবন অভিযানে চাকরিপ্রার্থীরা, মিছিলে নামল চাকরিপ্রার্থীরা

এদিন চাকরি প্রার্থীদের মিছিলও কিছুদূর যেতেই তাঁদের পথ আটকায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, যেহেতু ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই চাকরি প্রার্থীদের মিছিলে অনুমতি দেওয়া হবে না। কিন্তু চাকরি প্রার্থীদের বক্তব্য ছিল হামাগুড়ি দিতে দিতেই রাজভবন যেতে চান তাঁরা।









