নজরবন্দি ব্যুরো: বলিউডের ‘বাদশা’ তিনি। গোটা বিশ্বে এমন কিছু জায়গা আছে যেখানে তাঁর নামেই ভারতকে চেনেন অনেকে। ভক্ত-অনুরাগীদের সংখ্যা অগুনতি। সেই শাহরুখ খানের করা একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মন্নতের বাইরে চলল বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু কী ঘটেছিল? কারা, কেন বিক্ষোভ দেখাল?
আরও পড়ুন: মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনলেন এই বলি নায়িকা, এখানেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সুশান্তের
সম্প্রতি এ২৩ (A23) নামের একটি অনলাইন রামি পোর্টালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে একটি বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখকে। কিং খানের এই পদক্ষপের প্রতিবাদে বিক্ষোভে নামে আনটাচ ইন্ডিয়া নামে একটি সংগঠন। শনিবার বিকেলে মন্নতের বাইরে সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করে। তড়িঘড়ি মুম্বই পুলিশের একটি দল শাহরুখের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ থামায় এবং নিরাপত্তার স্বার্থে পুলিশি প্রহরার ব্যবস্থা করে। যদিও এসআরকে নিজের আগামী ছবি ‘জওয়ান’-এর প্রচারে ব্যস্ত থাকায় সেইসময় মন্নতে ছিলেন না।

আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন নামে ওই সংগঠন তরুণদের নিয়ে কাজ করে। সংগঠনের সভাপতি জানান, ‘জংলি রামি বা এ২৩ ধরনের রামি পোর্টালগুলি তরুণদের জুয়া খেলায় ইন্ধন জোগায়। বাস্তবে জুয়া খেললে পুলিশ সাধারণ মানুষকে গ্রেফতার করে। তবে এই জুয়ার অ্যাপগুলি কোটি কোটি টাকার বিনিময়ে তরুণদের ফাঁদে ফেলে সর্বশান্ত করে ফেলে। এ ক্ষেত্রে প্রশাসন কোনও রকম পদক্ষেপ নেয় না।’ এমনকি এই ধরনের গেমিং অ্যাপের জন্য বিজ্ঞাপন করায় শাহরুখ খানকেও আক্রমণ শানিয়েছে ওই সংগঠন। তাদের কথায়, “তরুণরা এই মানুষগুলিকে আইডল মনে করেন, তাঁদের ছবি হিট করান। তবে তাঁরা শুধুমাত্র অর্থের লোভে এই ধরনের বেআইনি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন করেন যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

উল্লেখ্য, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ৭ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের আগামী ছবি ‘জওয়ান’। এই ছবি নিয়ে ভক্তমহল প্রবল উচ্ছ্বসিত। এসআরকে প্রায়ই নিজের সোশ্যাল মিডিয়ায় জওয়ান নিয়ে বিভিন্ন আপডেট শেয়ার করেন। তার আগে মন্নতের বাইরে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বলিউড ‘বাদশা’কে এনিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
শাহরুখের বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশি প্রহরা মন্নতে, কী ‘অপরাধ’ কিং খানের




