ব্রিগেডে মোদীর সভার আগে বড় ধাক্কা! নিরাপত্তা সংশয়ে মঞ্চ খুলে ফেলতে বলল এসপিজি

১৪ মার্চ ব্রিগেডে মোদীর সভার আগে নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ। মঞ্চের নীচের মাটি পরীক্ষা করতে তৈরি হওয়া কাঠামো খুলে ফেলতে নির্দেশ দিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী এসপিজি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে, কিন্তু ঠিক সেই সময়েই নিরাপত্তা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সামান্যতম ঝুঁকি এড়াতে ব্রিগেড ময়দানে তৈরি হওয়া সভামঞ্চ খুলে ফেলতে নির্দেশ দিয়েছে এসপিজি। মঞ্চের নীচের মাটি আধুনিক প্রযুক্তি দিয়ে পরীক্ষা করে তবেই নতুন করে মঞ্চ নির্মাণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে তারা।

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষে আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর বিশাল জনসভা হওয়ার কথা। গত রবিবার থেকেই ব্রিগেড ময়দানে সভার প্রস্তুতি শুরু হয়েছে। মাঠ সাজানো, ব্যারিকেড তৈরি, সাউন্ড সিস্টেম বসানো এবং বিশাল মঞ্চ নির্মাণ—সব মিলিয়ে জোরকদমে কাজ চলছিল।

কিন্তু মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শনে এসে এসপিজির আধিকারিকরা নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশ দেন। তাদের মতে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই জায়গার মাটির নীচে বিস্তৃত নিরাপত্তা পরীক্ষা প্রয়োজন। শুধু উপরিভাগ নয়, বিশেষ যন্ত্রের মাধ্যমে মাটির গভীরেও অনুসন্ধান চালানো হবে।

ব্রিগেডে মোদীর সভার আগে বড় ধাক্কা! নিরাপত্তা সংশয়ে মঞ্চ খুলে ফেলতে বলল এসপিজি

ব্রিগেডে মোদীর সভার আগে বড় ধাক্কা! নিরাপত্তা সংশয়ে মঞ্চ খুলে ফেলতে বলল এসপিজি
SPG নিরাপত্তা বলয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এই কারণেই বর্তমানে তৈরি হওয়া মঞ্চের কাঠামো খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার পর এসপিজি সন্তুষ্ট হলে তবেই সেই জায়গায় নতুন করে মঞ্চ তৈরি করা যাবে।

এদিকে ইতিমধ্যেই ব্রিগেডে মঞ্চ তৈরির কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। বিশাল হ্যাঙারের মতো কাঠামোর নীচে লোহার স্তম্ভের উপর কাঠের পাটাতন বসিয়ে মূল মঞ্চের কাঠামো দাঁড় করানো হয়েছিল। মাথার উপরে এবং দু’পাশে আচ্ছাদনও তৈরি হয়ে গিয়েছিল।

মঙ্গলবার বিকেলে সভাস্থলে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, অনল বিশ্বাস ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়দের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এসপিজি আধিকারিকরা। পরে মঞ্চ তৈরির দায়িত্বে থাকা সংস্থাকে জানানো হয়, আপাতত কাঠামো খুলে ফেলতে হবে।

তবে সূত্রের খবর, পুরো হ্যাঙার কাঠামো ভাঙতে নাও হতে পারে। কেবল মঞ্চের অংশটি সরিয়ে মাটির পরীক্ষা চালানো হবে।

এদিকে সভার আর মাত্র তিন দিন বাকি থাকায় সময় নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে রাজ্য বিজেপির মধ্যে। গত কয়েক দিনে যে মঞ্চ তৈরি হয়েছিল, তা খুলে নতুন করে বানাতে সময় লাগবে কি না, সেই প্রশ্ন উঠেছে।

তবে প্রস্তুতির দায়িত্বে থাকা একাংশ নেতার দাবি, মঞ্চ পুনর্নির্মাণ তুলনামূলক দ্রুত সম্ভব। বরং মাঠজুড়ে ব্যারিকেড তৈরি, আলাদা ব্লকে দর্শকদের বসার ব্যবস্থা এবং সাউন্ড সিস্টেম বসানোর মতো কাজগুলোই বেশি সময়সাপেক্ষ।

তাই আপাতত নিরাপত্তা পরীক্ষার কাজ শেষ হলে সময়ের মধ্যেই নতুন মঞ্চ তৈরি করা সম্ভব হবে বলেই আশা করছে বিজেপি শিবির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত