নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ অর্থাৎ প্রায় ৫ বছর পর আগামীকাল রবিবার রাজ্যে ফের টেট পরীক্ষা হচ্ছে। তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামীকাল অর্থাৎ ১১ই ডিসেম্বর পূর্ব রেলের তরফ থেকে শিয়ালদা ডিভিশনে ১৬ জোড়া স্পেশাল ট্রেন বিভিন্ন রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য শিক্ষক নিয়োগ (Teachers Recruitment) নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ টেট পরীক্ষার আগে বড় অভিযোগ, ব্যবস্থা নিল পুলিশ
পরিবহন দফতর সূত্রে খবর, রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য পথে নামবেন কয়েক লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেকরা। ট্রাফিক সচল রাখতে পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন, রবিবার পথে থাকবে ২ হাজারেরও বেশি সরকারি বাস। সাধারণ দিনে প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস। এদিকে রবিবার ছুটির দিন হলেও স্বাভাবিক বাস পরিষেবা চালু থাকবে বলে আশ্বাস পরিবহনমন্ত্রীর। এদিকে পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশনের তরফে জানানো হয়েছে এই জোড়া স্পেশালগুলি প্রতিটি স্টেশনে দাঁড়াবে।

১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য হতে চলেছে টেট পরীক্ষা। তাই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শিয়ালদা ও ব্যারাকপুর এর মধ্যে চলবে পাঁচ জোড়া স্পেশাল লোকাল ট্রেন। এই ট্রেনগুলি শিয়ালদা থেকে ছাড়বে সকাল ৮ টা, ৯:০৫ মিনিট, ৯:২৮ মিনিট, ৯:৪০ মিনিট ও ১০:০৫ মিনিটে। অন্যদিকে, ব্যারাকপুর থেকে এই স্পেশাল ট্রেনগুলি ছাড়বে ৮:৪৮ মিনিট, ৯:৫৭ মিনিট, ১০:১৬ মিনিট, ১০:৩০ মিনিট ও ১১ টায়।
একজোড়া স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা ও নৈহাটির মধ্যে। শিয়ালদা থেকে এই ট্রেন ছাড়বে সকাল ৯:৩৪ মিনিটে। অন্যদিকে, নৈহাটি থেকে স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ১০:৪৭ মিনিটে।স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা ও ডানকুনি লাইনে। শিয়ালদা থেকে স্পেশাল ট্রেন ছাড়া হবে সকাল ১০:১৫ মিনিটে ও ডানকুনি থেকে ছাড়া হবে বেলা ১১:২৬ মিনিটে।
পূর্ব রেল একজোড়া স্পেশাল ট্রেন চালাবে শিয়ালদা-হাসনাবাদ শাখায়। বেলা ১১:০৭ মিনিটে শিয়ালদা থেকে এবং হাসনাবাদ থেকে দুপুর ১:১৫ মিনিটে এই ট্রেন ছাড়বে। একজোড়া স্পেশাল ট্রেন চলবে শিয়ালদা- মধ্যমগ্রাম লাইনে। সকাল ৭:৩২ মিনিটে শিয়ালদা থেকে এবং সকাল ৮:৫২ মিনিট মধ্যমগ্রাম থেকে এই স্পেশাল ট্রেন রওনা দেবে।
ER TO RUN 16 PAIRS OF EMU SPECIAL TRAINS FOR ‘TET’ EXAMINEES pic.twitter.com/WPKnqL4PDR
— Eastern Railway (@EasternRailway) December 9, 2022
এছাড়াও, বারাসত লাইনে সকাল ৯:৪০ মিনিটে শিয়ালদা ও সকাল ১০:৪০ মিনিটে বারাসাত থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। শিয়ালদা ও দত্তপুকুর লাইনে শিয়ালদা থেকে সকাল ৮:৩০ মিনিট এবং দত্তপুকুর থেকে সকাল ৯:৪৩ মিনিটে স্পেশাল ট্রেন ছাড়বে। শিয়ালদা-বজবজ শাখায় স্পেশাল ট্রেন শিয়ালদা থেকে সকাল ৯:৪৫ মিনিট এবং বজবজ থেকে সকাল ১০:৫৩ মিনিটে ছাড়বে।
শিয়ালদা-সোনারপুর শাখায় সকাল ৯:৩০ মিনিট ও ৯:৫০ মিনিটে শিয়ালদা থেকে ও সকাল ৮:৪২ মিনিট ও সকাল ১০:১১ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে। শিয়ালদা থেকে দুপুর ২:০২ মিনিট এবং ক্যানিং থেকে বিকেল ৩:৪৫ মিনিটে স্পেশাল ট্রেন চলবে। সকাল ১০:১২ মিনিটে শিয়ালদা ও বেলা ১১:০৮ মিনিটে বারুইপুর থেকে চলবে এই বিশেষ ট্রেন।
টেট পরীক্ষার কিছু বিধি নির্দেশিকা দেখে নিন একনজরে
- পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbpe.org)
- পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুম নম্বর এবং সিট নম্বর থাকবে। সেখানেই বসে পরীক্ষা দিতে হবে। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল করা হবে।
- পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
- আগামী ১১ ডিসেম্বর, রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট।
- কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে।
প্রায় ৬ বছর পর টেট পরীক্ষার্থীদের জন্য রইল স্পেশ্যাল ট্রেন, দেখে নিন সময়সূচি

প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, টেট (TET) উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, টেটের প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।



