নজরবন্দি ব্যুরো: পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের স্ক্যানারে রাজ্যের দুই হেভিওয়েট ফিরহাদ হাকিম ও মদন মিত্র। রবিবার সাতসকালে তাঁদের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হেনস্থার অভিযোগ শাসক দল এর আগেও একাধিকবার এনেছে। আবারও সেই একই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী শোভনদব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: পরিকল্পনা করে মন্ত্রীদের হেনস্থা করছে CBI, আশঙ্কা সত্যি হল ফিরহাদের!
রবিবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হানা নিয়ে পরিষদীয় মন্ত্রী তথা খড়দহের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “দুর্নীতি প্রমাণিত হলে অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক। তবে তদন্তের নামে দীর্ঘদিন তা ফেলে রাখা ঠিক নয়। সারদা কেলেঙ্কারির দশ বছর হয়ে গেল। এখনও কেউ শাস্তি পেল না। এটার কোনও মানে নেই। আছে-আছে করে জিইয়ে রেখে দেওয়া।” অন্যদিকে, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেসের একনেতা অপর নেতার বিরুদ্ধে। এক নেতার বাড়িতে সিবিআই গেলে অন্য নেতা পার্টি করেন। এই বর্তমান অবস্থা।”

পুরনিয়োগ দুর্নীতি মামলায় রবিবার রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেয় সিবিআই (CBI)। এদিন সকাল ৯টা নাগাদ ফিরহাদের বাড়িতে পৌঁছায় তদন্তকারী দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মেয়রের ফোন নিয়ে নেওয়া হয়েছে। সিবিআইয়ের এই তল্লাশির খবর পেয়ে ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা।

অন্যদিকে, ফিরহাদ ছাড়াও সিবিআইয়ের নজরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন সকালে ভবানীপুরে বিধায়কের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় একের পর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি। বাড়ছে গ্রেফতারির জল্পনা।
‘… অভিযুক্তদের কঠোরতম শাস্তি হোক’, মদন-ফিরহাদের বাড়িতে CBI হানা নিয়ে বিস্ফোরক শোভনদেব




