দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তবু ৭ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা ও অস্বস্তি, তবে রবিবার একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা; উত্তরবঙ্গে আগামী কয়েক দিন ধরে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, কিন্তু সেই উত্তাপের মাঝেই আসছে স্বস্তির ইঙ্গিত— রবিবার একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে IMD। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়লেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে আবহাওয়ার দ্বৈত চিত্র।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুষ্ক উত্তর-পশ্চিমি বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে। আগামী চার দিনে গড় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপর কয়েক দিন তাপমাত্রা প্রায় একই থাকবে, ফলে অস্বস্তিকর গরম আরও তীব্র আকার নেবে।

তবে এই গরমের মধ্যেই রবিবার কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে, যা সাময়িক স্বস্তি আনতে পারে।

এদিকে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক দিন ভ্যাপসা গরমে এই জেলাগুলিতে পরিস্থিতি আরও অস্বস্তিকর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবারও মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় আপাতত কালবৈশাখীর সম্ভাবনা নেই, ফলে গরমের দাপটই বজায় থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়ার চরিত্র আলাদা। সেখানে আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কিন্তু বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে।

সোমবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। তবে সব জায়গায় সমান বৃষ্টি হবে না। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে এভাবেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত