আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়া দিয়ে বিতর্কে জড়ান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি বলেছিলেন, “ভারত এবং বাংলা মহিলাদের জন্য অত্যন্ত নিরাপদ জায়গা। সারা বিশ্বেই এমন ঘটনা ঘটে। একটা ঘটনা দিয়ে বাংলার বদনাম করা ঠিক নয়।” এবার ফের একবার আরজি কর-কাণ্ড নিয়ে সরব হলেন মহারাজ।
সৌরভ বলেছেন, “এটা নারকীয় ঘটনা। আশা করব অপরাধীর কঠোর শাস্তি হবে। আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। এই ধরনের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটাও ভাবতে হবে।” সঙ্গে তিনি এও বলেছেন, ১৪ অগস্টের রাত দখল কর্মসূচিতেও তাঁর যোগদানের ইচ্ছে ছিল কিন্তু কন্যা সানার শরীর খারাপ থাকায় তা সম্ভব হয়নি।


এই ঘটনায় নিন্দা জানিয়েছেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। মহিলাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ডোনা বলেছেন, “মহিলারা যদি কাজের জায়গাতেই নিরাপদ না থাকেন, তাহলে কোথায় সুরক্ষিত থাকবেন?” অন্যদিকে, সৌরভের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে তাঁর সমালোচনা করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
গত শুক্রবার আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়, ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। তবে, কলকাতা হাই কোর্টের নির্দেশে এই মুহূর্তে তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। নতুন করে কাউকে গ্রেফতার না করা হলেও ব্যাপক তৎপরতার সঙ্গে তদন্ত করছেন গোয়েন্দারা।








