SA20 লিগ জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু, প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে প্রথম অনুশীলনে সৌরভ

দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে প্রথমবার কোচের ভূমিকায় সৌরভ; রাসেল–ব্রেভিসদের নিয়ে নতুন যাত্রার সূচনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায় এবার শুরু করলেন নতুন অধ্যায়। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগ SA20-এ প্রথমবার কোচের দায়িত্ব নিয়ে মাঠে নামলেন তিনি। শিরোপা জয়ের লক্ষ্যেই প্রিটোরিয়া ক্যাপিটালসের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করেছেন সৌরভ।

২৬ ডিসেম্বর শুরু হতে চলেছে SA20 লিগ। তার আগে রবিবার দলের অনুশীলন শিবিরে হাজির ছিলেন সৌরভ। এই লিগে কোনও ভারতীয় প্রাক্তন ক্রিকেটারের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার ঘটনা এই প্রথম। ক্রিকেটমহলের একাংশ মনে করছে, সৌরভের অভিজ্ঞতা ও ক্রিকেট-বোধ প্রিটোরিয়া ক্যাপিটালসের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে।

প্রিটোরিয়া ক্যাপিটালস দলে রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল, দক্ষিণ আফ্রিকার তরুণ বিস্ফোরক ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস, শেরফেন রাদারফোর্ড ও শাই হোপ—সবাই রয়েছেন সৌরভের ছত্রছায়ায়। দলের অধিনায়কত্ব করছেন কেশব মহারাজ

২৭ ডিসেম্বর জোবার্গ সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে প্রিটোরিয়া ক্যাপিটালস। উল্লেখযোগ্যভাবে, নিলামের আগে দলটি মাত্র তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছিল—উইল জ্যাকস, শেরফেন রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল। নিলামে প্রায় ৩২.৫ মিলিয়ন র‍্যান্ড খরচ করে শক্তিশালী দল গঠন করা হয়েছে।

বিশেষ নজর কেড়েছেন ২২ বছরের ডেওয়াল্ড ব্রেভিস। তাঁকে ১৬.৫ মিলিয়ন র‍্যান্ড, অর্থাৎ প্রায় ৮.৩ কোটি টাকায় দলে নিয়েছে ক্যাপিটালস। গত মরশুমে দলটি ১০ ম্যাচে মাত্র দু’টি জয় পেয়েছিল। সেই ব্যর্থতা ভুলে নতুন লক্ষ্য নিয়ে এগোতেই সৌরভের ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজি।

প্রসঙ্গত, গত বছর থেকেই প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল সংস্থা JSW Sports-এর ক্রিকেট পরিচালক হিসেবে যুক্ত ছিলেন সৌরভ। এবার তিনি প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার জোনাথন ট্রট-এর জায়গায় প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। তাঁর সঙ্গে বোলিং কোচ হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার শন পোলক

নতুন কোচিং সেটআপ, তারকাখচিত দল ও স্পষ্ট লক্ষ্য—সব মিলিয়ে SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন